বাতিল নির্বাচনের ভোটার তালিকা ছাপিয়ে ব্যবসায়ীদের মাথায় হাত
বাতিল হওয়া সংসদ নির্বাচনের ভোটার তালিকা ছাপিয়ে এখন মাথায় হাত পড়েছে মুদ্রণ ব্যবসায়ীদের। ওই কাজের প্রায় ১৪ কোটি টাকার বিল আটকে দিয়েছে নির্বাচন কমিশন। জামানত ও বিল আদায়ে তিন মাস ধরেই ধর্না দিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এদিকে নির্বাচন কমিশন সূত্র বলছে, ওই সময় ভোটার তালিকা ছাপার কাজ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শেষ হওয়ার পরই টাকা পরিশোধ করা হবে।
২২ জানুয়ারির প্রায় দুমাস আগে নির্বাচন কমিশন দরপত্র আহ্বান করে ৩৮টি মুদ্রণ প্রতিষ্ঠানকে ভোটার তালিকা ছাপার কাজ দেয়। শর্ত ছিলো, কার্যাদেশ পাওয়ার ৪৫ দিনের মধ্যে ব্যবসায়ীরা ভোটার তালিকা ছেপে দেবে। সে সময় কমিশন ১০ শতাংশ জামানত নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে চুক্তিও করে।
রাজধানীর নয়াপল্টনের টেকনো মার্কেটিং নামে ছাপাখানার মালিক শরিফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিল ও জামানতের টাকা আদায়ে কমিশনে ধর্না দিতে দিতে এখন হতাশ। কবে নাগাদ টাকা পাব, তা স্পষ্ট করে কেউ বলছে না।”
মিরপুরের আইটি ভিলেজ এর মালিক গাজী আমিনুল বলেন, “এভাবে চললে পুনর্গঠিত এই কমিশনের ভাবমূর্তি রক্ষা করা কঠিন হয়ে পড়বে।”
তবে তিনি জানান, সম্প্রতি নির্বাচন কমিশনের কর্মকর্তারা তার ছাপাখানা পরিদর্শন করেন।
এই বিষয়ে নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ভোটার তালিকা ছাপায় অনিয়মের অভিযোগ ওঠায় মুদ্রণ ব্যবসায়ীদের বিল আটকে দেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে. অনেক অযোগ্য প্রতিষ্ঠানকেও ওই সময় কাজ দেওয়া হয়েছিলো।
তারা জানান, পূর্ণাঙ্গ তদন্ত শেষে মুদ্রণ ব্যবসায়ীদের বিল পরিশোধ করা হবে। মুদ্রণ প্রতিষ্ঠানগুলো আদৌ দরপত্রের শর্ত পূরণ করেছে কিনা, তা খতিয়ে দেখতে কমিশন সরেজমিনে ছাপাখানাগুলো পরির্দশন করছে।
তবে নির্বাচন কমিশনের সচিব মুহাম্মদ হুমায়ুন কবির এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার সাংবাদিকদের জানান, বাতিল নির্বাচনের ভোটার তালিকা ছাপায় অনিয়মের অভিযোগের ব্যাপারে কমিশনের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
একই সঙ্গে তিনি বলেন, “প্রতিবেদনটি পূর্ণাঙ্গ নয়। তাই বিষয়টি ভালোভাবে যাচাই করে দেখা হবে। বড় ধরনের অনিয়ম পাওয়া গেলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
