‘বাটা গত অর্থ বছরে ৭০ কোটি টাকার বেশি রাজস্ব দিয়েছে’
বাটা জুতা কোম্পানি গত অর্থ বছরে ৭০ কোটি টাকারও বেশি রাজস্ব দিয়েছে। বুধবার বিকালে রাজধানীর একটি হোটেলে বাটা শু কোম্পানির “নিউ অ্যারাইভাল” অনুষ্ঠানে বিপণন পরিচালক এম এ কাদের এ তথ্য জানান।
এম এ কাদের বলেন, “২০০৬ সালে বাটা ৪০০ কোটি টাকার জুতা বিক্রি করেছে। দেশের অভ্যন্তরীণ চাহিদার ২০ শতাংশ পূরণ করলেও ফুটওয়্যার খাতে আমরা সরকারকে ৮০ শতাংশ রাজস্ব দেই। মান ঠিক রেখে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে বাটা বাংলাদেশ প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইনের পণ্য নিয়ে হাজির হচ্ছে। গত তিন মাসে বাটা ১৮০ টিরও বেশি ডিজাইনের পণ্য বাজারে ছেড়েছে।”
তিনি আরও বলেন, “প্রতি সপ্তাহে নতুন পণ্য নিয়ে হাজির হওয়া চ্যালেঞ্জিং কাজ। আমরা শুধু নতুন পণ্য নিয়েই হাজির হচ্ছি তা নয়, ন্যায্য দামে পণ্যের মানও নিয়ন্ত্রণ করছি কঠোরভাবে।”
বাটা জুতার দাম বাড়লেও মান কমছে কেন-সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে এম এ কাদের বলেন, “সবগুলো জুতার কোয়ালিটি খারাপ নয়। যেসব জুতা খারাপ হয় আমরা সেগুলো ভোক্তাদের কাছ থেকে ফিরিয়ে নিই। তাছাড়া এখন পণ্যের উৎপাদন খরচ বেড়ে গেছে। জুতার উৎপাদন মূল্যের সঙ্গে ভ্যাট ও কর যোগ হওয়ার কারণেও দাম বেড়ে যায়।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাটা শু কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জে ডি হিয়ার্নস, বিপণন পরিচালক এম এ কাদের, বিজ্ঞাপন ও প্রচার ব্যবস্থাপক ইকরামুজ্জামান এবং হিউম্যান রিসোর্সেস ব্যবস্থাপক এম হাবিবুর রহমান।
