মূল্যস্ফীতির হার দুই অঙ্কে পৌঁছাবে না: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, “মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ঘরে পৌঁছাবে না।”
সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ মূল্যস্ফীতি ছিল গত ফেব্রুয়ারিতে ৭ দশমিক ২৮ শতাংশ। এর আগে, গত অক্টোবরে এই হার ছিল ৭ দশমিক ৩১ শতাংশ। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং দুর্নীতি বিরোধী অভিযানের কারণে এই হার আরও বাড়তে পারে।
তাদের এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা জানান, আইএমএফ এর প্রতিনিধি দল সরকারের সংস্কার কার্যক্রমের প্রশংসা করেছেন। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
একই সঙ্গে রাজস্ব আদায় বৃদ্ধি এবং কর আদায় কার্যক্রমকে নীতিমালা প্রণয়ন বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন তারা।
আইএমএফ এর এসব পরামর্শ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “সরকার বাজার নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কিছু পণ্যের দাম স্থিতিশীল অবস্থায় এসেছে।”
তিনি আরো বলেন, “কর আদায় প্রসঙ্গে আইএমএফ এর মতামতের সঙ্গে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। বাংলাদেশে কর আদায় ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত খুবই কম। এদিক দিয়ে এশিয়ায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন। সরকার কর আদায় বাড়ানোর মাধ্যমে এ অনুপাত বাড়ানোর চেষ্টা করছে।”
কর আদায় কার্যক্রমকে নীতিমালা প্রণয়ন থেকে আলাদা করার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “একসময় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ নীতিমালা তৈরি করতো। আর কর আদায় করতো জাতীয় রাজস্ব বোর্ড। পরে কাজের ধারা বদলে যায়। এখন রাজস্ব বোর্ডের চেয়ারম্যানই অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পালন করেন।”
উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন আছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইএমএফ এর দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপদেষ্টা টমাস আর রামবো। আইএমএফ এর বিকল্প নির্বাহী পরিচালক রঞ্জিত ব্যানার্জী ও আবাসিক প্রতিনিধি জোনাথন সি ডান এসময় উপস্থিত ছিলেন।
