২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পে শ্রমিক ছাঁটাইয়ের আগে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে

পোশাক শিল্প খাতের স্থিতিশীলতা আনতে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের পাশাপাশি মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়েই এ সেল গঠন করা হবে। এখন থেকে শ্রমিক ছাঁটাইয়ের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে বিজিএমইএ, বিকেএমইএ, বাণিজ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ সময়ে পোশাক শিল্পে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির পেছনে কোনো ‘বায়িং হাউজ’ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠক শেষে আনোয়ারুল ইকবাল বলেন, “কোনো কোনো পোশাক তৈরির কারখানায় অশান্তি দেখা দিয়েছে। এর মূল কারণ মালিকরা ঠিক সময়ে বেতন দেন না। শ্রমিক ছাঁটাইয়ের আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা খবর দেন না। আমি বলেছি মালিকরা যেন শ্রমিকদের সঙ্গে মাসে কমপক্ষে একটি সৌজন্য বৈঠক করেন, মাঝে মধ্যে একসঙ্গে খাওয়া দাওয়া করেন।”

তিনি বলেন, “ক্রাইসিস ম্যানেজমেন্ট সেলে মালিক, শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধিরা থাকবেন। এখন থেকে শ্রমিক ছাঁটাইয়ের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিতে বলা হয়েছে।”

বৈঠক সূত্রে জানা গেছে, জোট সরকারের সময় স্বাক্ষর করা ত্রিপক্ষীয় ১২ দফা চুক্তি ৬০ শতাংশ গার্মেন্টসেই বাস্তবায়ন করা হয়নি। শ্রমিকদের নিয়োগপত্র ও সময় মতো বেতন দেওয়া এবং বকেয়া পরিশোধ করার মতো বিষয়গুলো এসব চুক্তির অন্যতম।