ইউরোপের বাজারে একস্তর সুবিধা নিতে বৈঠকে বসছে পোশাক শিল্পের তিন সংগঠন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একস্তর বিশিষ্ট জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস) সুবিধা গ্রহণে সমন্বিত প্রস্তাব নেওয়ার জন্য এ মাসেই বৈঠকে বসছে তৈরি পোশাক শিল্পের শীর্ষ তিন ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ। এ মাসের শেষ সপ্তাহে বৈঠকটি হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
বর্তমানে তৈরি পোশাক খাতে নিট ও ওভেন পোশাক ইইউ এর বাজারে রপ্তানিতে দুইস্তর বিশিষ্ট জিএসপি সুবিধা কার্যকর রয়েছে এবং মূল্য সংযোজনের কোনও হার নির্ধারিত নেই। গত তিন বছর ধরে তিন সংগঠনের মধ্যে নিয়ে এই হার নিয়ে মতবিরোধ থাকায় উভেন ও নিট উভয় পণ্যের ক্ষেত্রে আলাদা মূল্য সংযোজনসহ সমন্বি^ত কোনও প্রস্তাব নেওয়া যায়নি।
বিজিএমইএ সূত্র জানায়, আগামী ২১ এপ্রিল বিটিএমএ ও বিজিএমইএ নেতারা এই ব্যাপারে আলোচনায় বসবেন। এরপর এই দুই সংগঠন আলাদা বৈঠকে বিকেএমইএ এর সঙ্গে আলোচনা করবেন এবং চলতি মাসের শেষ দিকে তিন সংগঠন যৌথভাবে একটি প্রস্তাব তৈরি করবে।
তবে নিট পণ্য বিশেষ সোয়েটার খাতের মূল্য সংযোজনের হার নিয়ে বিজিএমইএ এবং বিকেএমইএ এর মধ্যে বড় ধরনের মতপার্থক্য এখনও রয়ে গেছে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূল্য সংযোজনের পরিমাণ নির্ধারণে সমিতি সদস্যরা আগামী বৃহস্পতিবার আলোচনায় বসবে। এই বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার জন্য মাসের শেষদিকে তিন সংগঠন আলোচনায় বসবে।
দুই সংগঠনের বৈঠক নিয়ে ইতোমধ্যে বিজিএমইএ সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান বিটিএমএ সভাপতি।
মূল্য সংযোজনের হারের ওপর পোশাক খাতে পশ্চাৎ সংযোগ শিল্পের উন্নয়ন সরাসরি নির্ভরশীল জানিয়ে তিনি বলেন, উভেন শিল্পের ক্ষেত্রে ৪০ থেকে ৩৫ শতাংশ মূল্য সংযোজন নির্ধারনের একটি প্রস্তাবনা রয়েছে।
সংগঠনগুলোর সূত্র জানায়, একস্তর বিশিষ্ট জিএসপির মূল্য সংযোজন নির্ধারণে নিট পণ্যের ক্ষেত্রে ৪৫ শতাংশ করার দাবি রয়েছে বাংলাদেশ নিটওয়ার প্রস্তুকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ)। আর উভেন পণ্যের ক্ষেত্রে ২৫ শতাংশ মূল্য সংযোজন নির্ধারণের দাবি করে আসছে বাংলাদেশ পোশাক প্রস্তুকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিটিএমএ এর সঙ্গে আলোচনার মাধ্যমে উভেন খাতের মূল্য সংযোজন হার নির্ধারণ করা হবে। এক্ষেত্রে আমাদের যেমন ছাড় দিতে হবে, তেমনি বিটিএমএকেও কিছুটা ছাড়া দিতে হবে।
বিকেএমইএ সভাপতি দেশের বাইরে থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
