চাঙ্গা হয়ে উঠছে শেয়ার বাজার
গত দুদিনের মন্দাভাব কাটিয়ে উঠে চাঙ্গা হয়ে ওঠেছে ঢাকা শেয়ার বাজার (ডিএসই)। মঙ্গলবার দিনের মধ্যভাগ পর্যন্ত বিদ্যুৎ, ব্যাংকিং এবং মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন বাড়ায় বাজারে এ পরিবর্তন দেখা যায়। এসময় বাজারে লেনদেনের শীর্ষে ছিল বিদ্যুৎ বিতরণ সংস্থা ডেসকো।
সকাল ১১টা ১৪ মিনিটে ডিজিইএন বা সাধারণ সূচক তিন দশমিক ৮০ পয়েন্ট বা শতকরা শূন্য দশমিক ২২ ভাগ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৮৯ দশমিক ৭০ এ। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্য সূচক তিন দশমিক ৯৯ পয়েন্ট বা শতকরা শূন্য দশমিক ২৭ ভাগ বেড়ে হয়েছে ১ হাজার ৪৪৫ দশমিক ৭৮।
মঙ্গলবার ৬৯টি শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩০টির এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।
সকাল ১১টা ১৪ মিনিট পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল আট কোটি ১১ লাখ ৯২ হাজার টাকা। সোমবার দিনশেষে মোট লেনদেনের পরিমাণ ছিল ৯১ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা।
সকাল ১১ টা ০৬ মিনিটে ডেসকো লেনদেনের শীর্ষে ছিল। প্রতিষ্ঠানটির মোট লেনদেনের পরিমাণ ছিল এক কোটি ৩৩ লাখ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আগের দিনের ৭০৫.২৫ টাকা থেকে এক টাকা বেড়ে হয়েছে ৭০৬.২৫ টাকা।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর শেয়ারের দাম ৪৬৪.৭৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৭১.৭৫ টাকা।
দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে ফার্স্ট বিএসআরএস মিউচ্যুয়াল ফান্ড। এর শেয়ারের দাম ৪৩৮.২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৬৪.৫০ টাকা। শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম ২২৭ টাকা থেকে মাত্র ৫০ পয়সা বেড়ে হয়েছে ২২৭.৫০ টাকা। সামিট পাওয়ারও যে শেয়ারের দাম সোমবার ছিল ৫৭৪.৭৫ টাকা, মঙ্গলবার তা ৩.২৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৮ টাকায়।
