লেনদেন বাড়লেও শেয়ার বাজারে সূচক নিম্নগামী
লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার লেনদেনের বদৌলতে পড়তে থাকা ঢাকা শেয়ার বাজারে লেনদেনের পরিমাণ সোমবার অনেকটা বেড়েছে। তবে সূচক কাঁটা ধরে রেখেছে সেই নিম্নমুখী প্রবণতা।
সোমবার দিন শেষে লেনদেনের পরিমাণ ১৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯১ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা। এদিন শুধু লাফার্জ সুরমা সিমেন্টেরই শেয়ার লেনদেন হয় ৫২ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার।
১৪ জানুয়ারির পর থেকে রোববারই ছিল লেনদেনের সবচেয়ে নাজুক অবস্থা। ৩৫ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকার লেনদেন করে খারাপ দিনের সাক্ষী হয়ে থেকেছে এ দিনটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক কর্মকর্তা জানিয়েছেন, বিনিয়োগকারীরা সোমবারের লেনদেনের অঙ্কটা দেখে উৎসাহিত হতে পারেন। যা কিছু সময়ের জন্য হলেও সবাইকে স্বস্তি দেবে।
চট্টগ্রাম শেয়ার বাজারেরও কিছুটা বেড়েছে লেনদেন। রোববারের ৬ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা থেকে বেড়ে সোমবার লেনদেন হয়েছে ৬ কোটি ৮১ লাখ ৯০ হাজার টাকা।
লগ্নীকারী প্রতিষ্ঠানগুলোর মুনাফা তুলে নেওয়ার প্রবণতাই ছিল সূচক পড়ে যাওয়ার প্রধান কারণ। আল আরাফাহ ব্যাংকের আগের লভ্যাংশের লেনদেন এবং বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম পড়ে যাওয়ায় বাজারে লেনদেনে মন্দাভাব দেখা দেয়।
ডিজিইএন বা সাধারণ সূচক সোমবার ১৭ দশমিক ৭৪ পয়েন্ট বা এক দশমিক শূন্য চার শতাংশ কমে হয়েছে এক হাজার ৬৮৫।
সার্বিক সূচক ১৫ দশমিক শূন্য সাত পয়েন্ট বা এক দশমিক শূন্য তিন শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৪১ দশমিক ৭৮ পয়েন্টে। এ ছাড়া রোববারের তুলনায় ডিএসই-২০ ব্লুচিপের সূচক এক দশমিক ৪৩ পয়েন্ট বা দশমিক ১০ শতাংশ কমে একহাজার ৩৩৬ দশমিক ৫৭ পয়েন্ট এর ঘরে অবস্থান করছে।
ডিএসই কর্মকর্তারা দাবি করছেন, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলেছেন। আর তারই প্রভাব পড়ছে শেয়ার বাজারেও।
দাম কমলেও সোমবারের লেনদেনে শীর্ষে ছিল সরকারি প্রতিষ্ঠান পাওয়া গ্রিড কোম্পানি। এর শেয়ারের দাম দশমিক ৫৮ শতাংশ কমে ৪৬৪ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়েছে। এ ছাড়া ডেসকোর এক দশমিক শূন্য এক শতাংশ কমে হয়েছে ৭০৫ টাকা ২৫ পয়সা। তবে স্থিতিশীল রয়েছে সামিট পাওয়ারের শেয়ারের দাম। সোমবারও এটি ৫৭৪ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়েছে।
বর্তমান বাজারের গতিপ্রকৃতিতে অস্বাভাবিকতা নেই বলে জানিয়েছেন এসএআর সিকিউরিটিজ এর প্রধান শরিফ আতাউর রহমান।
তিনি দাবি করেন, বর্তমান সময়টাই দীর্ঘ মেয়াদে লাভবান হওয়ার কার্যকর সময়।
এদিকে, শাহজালাল ব্যাংকের শেয়ার দশমিক ১১ শতাংশ কমে ২২৭ টাকা এবং রূপালি ব্যাংকের দশমিক ৭২ শতাংশ কমে দুই হাজার ৩২১ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
লাভজনক প্রতিষ্ঠানের মধ্যে আজিজ পাইপ, ফার্স্ট বিইআরএস মিউচ্যুয়াল ফান্ড ছিল শীর্ষে। আর লোকসানের দিক দিয়ে এগিয়ে ছিল সিটি ব্যাংক, পিএলএফএসএল এবং সোনার বাংলা কোম্পানিগুলো।
ঢাকার শেয়ার বাজারে সোমবার মোট ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টি কোম্পানির শেয়ার।
চট্টগ্রাম শেয়ার বাজারে ২২টির দাম বাড়লেও কমেছে ৫৯টির, আর সাতটি প্রতিষ্ঠানের শেয়ার ছিল অপরিবর্তিত।
