বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী রুশ ব্যবসায়ীরা
দেশের পরিবহন ও অটো মোবাইল, জ্বালানি এবং আবর্জনা পুনর্ব্যবহার খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়ার সফররত ব্যবসায়ী প্রতিনিধি দল।
ইলদার উরমানভের নেতৃত্বে প্রতিনিধি দলটি সোমবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করে।
এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় রুশ প্রতিনিধিরা স্বল্প উৎপাদন ক্ষমতাসম্পন্ন পানিবাহিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে বাংলাদেশী ব্যবসায়ীদের সহযোগিতা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
এসময়ে রুশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আলেক্সান্দার শালিমভ, ওলগা গ্রিশিনা ও ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাসের কর্মকর্তা ইলদার গিবাদিওকভ।
বাণিজ্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে নিজেদের আগ্রহের কথা প্রকাশ করে শালিমভ বলেন, তারা অটোমোবাইল খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী।
তিনি জানান, রাশিয়ার কামাজ কোম্পানি বিশ্বের ৯৭টি দেশে ট্রাক ও যাত্রীবাহী বাস বিক্রি করে থাকে।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন বেসরকারি পর্যায়ে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি পর্যায়ে রাশিয়া ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সীমাবদ্ধ ছিল। এবার রাশিয়ার ব্যবসায়ীরা সরাসরি বাণিজ্য ও বিনিয়োগে এগিয়ে এসেছেন।
স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার জন্য তিনি রুশ ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
রাশিয়ায় রপ্তানির হার খুবই কম উল্লেখ করে ডিসিসিআই সভাপতি হোসেন খালেদ বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
২০০৫-০৬ সালে বাংলাদেশ থেকে রাশিয়ায় রপ্তানি করা হয় প্রায় ১৬ মিলিয়ন মার্কিন ডলার এবং আমদানি করে ২০০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। এর মধ্যে ইস্পাতই আমদানি করা হয় ৬৩ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের।
