২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক খাতে আবারও অস্থিতিশীলতার আশঙ্কা করছে সরকার

শ্রমিকদের ন্যায্য পাওনা ঠিক মতো পরিশোধ না করায় তৈরি পোশাক খাত আবারও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশংকা প্রকাশ করা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2007, 04:25 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের সভাপতিত্বে সোমবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব মো. আবদুল করিম সাংবাদিকদের বলেন, “পোশাক শিল্প শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে।”

তিনি বলেন, সাভার, তেজগাঁও, গাজীপুর, মিরপুর ও চট্টগ্রাম এলাকার বিভিন্ন পোশাক কারখানায় ঠিকসময়ে বেতন পরিশোধ করা হয় না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে কম বেতন দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।

এসব সমস্যা নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্র সচিব বলেন, মন্ত্রণালয়গুলো পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বেপজা প্রতিনিধিদের সঙ্গে এ ব্যাপারে শিগগিরই বৈঠক করে একটি সিদ্ধান্তে পৌঁছাবে।

বৈঠকের ব্যাপারে সচিব আরও জানান, “চারটি সরকারি প্রতিষ্ঠানের জায়গায় গড়ে ওঠা বস্তি উচ্ছেদের বিষয়েও উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নিয়েছে।”

মহাখালীর ন্যাশনাল একাডেমি ফর হেলথ অ্যান্ড ম্যানেজমেন্ট, সোহরাওয়ার্দী হাসপাতাল, মিরপুরে ৫৫০ শয্যা বিশিষ্ট প্রস্তাবিত হাসপাতাল ও মিরপুরের শিল্পঋণ সংস্থার জায়গা গড়ে ওঠা এসব বস্তি উচ্ছেদের আগে নোটিশ দেওয়া হবে বলে জানান সচিব।

বৈঠক সূত্র জানায়, উচ্ছেদের আগে যারা এসব বস্তি তুলেছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে সরকার।

স্বরাষ্ট সচিব আবদুল করিম জানান, “আইন শৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রমে যেসব সরকারি কর্মকর্তা জড়িত তাদেরকে ব্যক্তিপর্যায়ে সীমিত আকারে অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ব্যক্তিগত নিরাপত্তার জন্য কাউকে গানম্যান দেবে না সরকার।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কোনো কোনো জায়গায় জঙ্গি তৎপরতা দেখা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার।”

সূত্র জানায়, বিভিন্ন নামে দেশব্যাপী গজিয়ে ওঠা জঙ্গি সংগঠনের তৎপরতা মোকাবিলায় মসজিদের ইমাম, ধর্মীয় নেতা এবং ইসলামি ফাউন্ডেশনের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, জনসংহতি সমিতি ওয়েবসাইটের মাধ্যমে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালাচ্ছে। এটি বন্ধে সরকারের উচ্চ পর্যায় থেকে পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে জনসংহতির নেতাদের সঙ্গে সরকারের একটি বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে।