২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

“গণমুখী বাজেটের জন্য দরকার স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার কাঠামো”

স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার কাঠামো প্রতিষ্ঠা করা না গেলে জনগণের অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন সম্ভব হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2007, 06:30 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

এ মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান। রোববার সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) আয়োজিত “গণমুখী বাজেটের প্রত্যাশায় প্রক্রিয়াগত সংস্কার” শীর্ষক সেমিনারে তিনি এই মত প্রকাশ করেন।

সাবেক উপদেষ্টা বলেন, দেশে তিনস্তরের স্থানীয় সরকার কাঠামো প্রতিষ্ঠা করা গেলে জনগণের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছনো সম্ভব হবে। আর তার মধ্য দিয়েই গণমুখী একটি বাজেট প্রণয়ন করা যাবে।

আকবর আলী খান বলেন, আমাদের বাজেট প্রণয়ন পদ্ধতির বড় ত্রুটি হলো টাকার অঙ্কে বাজেট করা। আসলে সম্পদের হিসাবে বাজেট প্রণয়ন করা প্রয়োজন। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে তার অভ্যন্তরীণ সম্পদ, সম্ভাবনা, প্রয়োজন সব যাচাই করে দেখা দরকার।

যুক্তরাজ্যে এখন সম্পদের হিসাবের ভিত্তিতে বাজেট প্রণীত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এ ছাড়াও সার্বিক অবস্থা বিচার করে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য সংবিধান কমিশন গঠনের দাবি জানান সাবেক উপদেষ্টা।

জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য ফারুক খান, অধ্যাপক সাফাত আহমেদ, রেজাউল করিম এবং রাশেদ-আল-মাহমুদ তীতুমীর প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ জাকারিয়া এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন আবদুল আওয়াল।

সুপ্র এর পক্ষ থেকে বাজেট চূড়ান্ত করার তিন মাস আগে তা জনসমক্ষে উত্থাপন, মধ্যবর্তী মূল্যায়ন ও বিভাগভিত্তিক বরাদ্দ প্রকাশ এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে বাজেট প্রণয়নসহ বেশকিছু স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশ করা হয়।

রাজনৈতিক দল পরিচালনার জন্য সরকার থেকে অর্থ বরাদ্দ দেওয়ার প্রস্তাব দিয়ে ফারুক খান বলেন, প্রাপ্ত ভোটের ভিত্তিতে এই বরাদ্দ দেওয়া যেতে পারে। এর মধ্য দিয়ে দলগুলোর আর্থিক কার্যক্রম নিরীক্ষার সুযোগ তৈরি হবে বলে মত প্রকাশ করেন তিনি।