শেয়ার বাজারে সপ্তাহজুড়ে অস্বস্তি
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি ছিল অস্বাভাবিক শান্ত। বিনিয়োগকারীদের অতি সাবধানী পদক্ষেপের কারণে সপ্তাহজুড়ে সূচকের তারতম্যে খুব বেশি হেরফের হয়নি।
লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তার কারণে ইদানিং বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচনের তারিখের ব্যাপারে সরকারের অবস্থান ছিল অস্পষ্ট। যা বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিপত্তিতে ফেলেছে। তবে প্রধান উপদেষ্টার ভাষণে ২০০৮ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা থাকায় আগামী সপ্তাহে বাজারে গতি সঞ্চার হবে বলে আশা করছি।”
আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে সূচক ছিল প্রায় স্থির। এক সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমান ১১ শতাংশ কমে ৬৩ কোটি থেকে ৫৬ কোটি টাকা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমান ছিল গত তিন মাসের মধ্যে সর্বনিু।
তবে সপ্তাহের মোট লেনদেন আগের সপ্তাহের তুলনায় ১১ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ২৫১ কোটি টাকা থেকে ২৮১ কোটি টাকা হয়েছে। লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটির মোট লেনদেন কমে গেলেও বাকি সাতটির লেনদেন বেড়েছে।
মন্দাভাবের পাশাপাশি প্রিমিয়ার ব্যাংক ও গোল্ডেন সান থেকে সরকারের ৬শ’ কোটি টাকা তুলে নেওয়ার বিষয়টিও বাজারে প্রভাব ফেলেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবু আহমেদ গত দুই মাসে ব্যাংকসহ অন্যান্য ব্যবসায় ঋণ প্রবাহ কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থনীতি ও বাণিজ্যে মন্দাভাব থাকলে শেয়ার বাজারের লেনদেনেও এর প্রভাব পড়ে।”
এদিকে আন্তব্যাংক বাজারে টাকার চাহিদা সামান্য বৃদ্ধি পাওয়ার বিষয়টিও পুঁজি বাজারে প্রভাব ফেলেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কেন্দ্রীয় ব্যাংকের রিভার্স-রিডো অপারেশন ও আন্তব্যাংক কলমানি চাহিদা বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা গত সপ্তাহে ব্যাংকের সঙ্গে খুব একটা লেনদেন করেননি।
এআইএমএস এর ব্যবস্থাপক ইউআর সাঈয়িদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্পোরেট ঘোষণা এবং শেয়ারের দাম পুননির্ধারণের ফলে বাজার এখন একটি পরিবর্তনের দিকে এগুচ্ছে। তাছাড়া বিনিয়োগ থেকে পাওয়া মুনাফা ব্যবহারের জন্য বিনিয়োগকারীদের নেওয়া বিভিন্ন উদ্যোগও লেনদেনে প্রভাব ফেলেছে।”
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ডেসকো, শাহজালাল ব্যাংক, সামিট পাওয়ার ও ব্র্যাক ব্যাংকের শেয়ার গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল।
পদ্মা অয়েল কোম্পানি, সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক ও ফার্ষ্ট বিএসআরএস মিউচুয়াল ফান্ডের শেয়ার ছিল গত সপ্তাহে লাভের শীর্ষে। অন্যদিকে ক্ষতিগ্রস্তদের তালিকার শীর্ষে ছিল উত্তরা ফাইন্যান্স, স্ট্যান্ডার্ড ব্যাংক ও এনসিসি ব্যাংক।
