আগামী অর্থবছরে ৯৩১৭ কোটি টাকা বৈদেশিক সাহায্যের আশা করছে ইআরডি
আগামী অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে নয় হাজার তিনশ ১৭ কোটি টাকা বৈদেশিক সাহায্য পাওয়া যেতে পারে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্তৃপক্ষ।
চলতি অর্থবছরে বৈদেশিক সাহায্যের পরিমাণ আট হাজার সাতশ ৫০ কোটি টাকার পরিবর্তে আট হাজার ৫০ কোটি টাকা পুনঃনির্ধারণ করা হয়েছে।
ইআরডি এর পরিসংখ্যান অনুযায়ী, বৈদেশিক সাহায্য থেকে ২০০৫-২০০৬ অর্থ বছরে দশ হাজার সাতশ কোটি টাকা, ২০০৪-২০০৫ অর্থবছরে দশ হাজার চারশ ৩০ কোটি টাকা, ২০০৩-২০০৪ অর্থ বছরে নয় হাজার চারশ দশ কোটি টাকা, ২০০২-২০০৩ অর্থবছরে আট হাজার দুইশ ৪১ কোটি টাকা এবং ২০০১-২০০২ অর্থবছরে আট হাজার ১৫ কোটি টাকা এডিপিতে যোগ হয়।
পরিসংখ্যানে দেখা যায়, বেশ কয়েক বছর ধরে বৈদেশিক সাহায্যের পরিমাণ কমছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অথনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সাত বছরে দুর্বল বৈদেশিক সাহায্য প্রবণতার ওপর ভিত্তি করে আমরা আগামী অর্থবছরে সাহায্যের পরিমাণ প্রস্তাব করেছি।
তিনি আরও জানান, চলতি মাসের শেষেই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে আগামী বছরের এডিপির প্রস্তাব চূড়ান্ত করবে।
ইআরডি কর্মকর্তা জানান, বাংলাদেশের এডিপিতে অনুদান এবং স্বল্প সুদযুক্ত ঋণ এই দুই ধরনের বৈদেশিক সাহায্যেরই প্রয়োজন রয়েছে। বৈদেশিক সাহায্য পাওয়া ক্রমশ কঠিন হচ্ছে। কিন্তু সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য এবং দারিদ্র্য দূরীকরণ কৌশলপত্র বাস্তবায়নের জন্য আরো বেশি বৈদেশিক সাহায্য প্রয়োজন।
