শর্ত পূরণ হওয়ায় ২০ কোটি ডলার ঋণ ছাড় দিচ্ছে বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক তাদের উন্নয়ন সহায়তা তহবিলের (ডিএসসি) চতুর্থ কিস্তির ২০ কোটি ডলার ছাড় দেওয়ার ব্যাপারে বাংলাদেশকে সবুজ সংকেত দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও অর্থনৈতিক খাতে তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের কারণেই বিশ্বব্যাংক এই সবুজ সংকেত দিল।
বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিনয় স্বরূপ বৃহস্পতিবার ব্যাংকের ঢাকা কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপে বিশ্বব্যাংক সন্তুষ্ট। বড় ধরনের কোনো ভূ-রাজনৈতিক পরিবর্তন না ঘটলে আগামী ২৯ মে ব্যাংকের বোর্ড মিটিংয়েই চতুর্থ কিস্তির বিষয়টি অনুমোদন পেয়ে যাবে। আর অনুমোদন পেয়ে গেলেই বাংলাদেশ কিস্তির অর্থ ছাড় করাতে পারবে।”
বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি কায়সার খান, ঊর্ধ্বতন অর্থনীতিবিদ জাহিদ হোসেন ও ঊর্ধ্বতন অর্থনীতি বিশ্লেষক রায়হান এলাহী এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পরদিনই অর্থ উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক করে বিশ্বব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা সাদিক আহমেদ ডিএসসির চতুর্থ কিস্তির টাকা ছাড় দেওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন।
ডিএসসি বিশ্বব্যাংকের একটি সহজ শর্তের ঋণ। বাজেট সহায়তার অংশ হিসাবে এই ঋণ দেওয়া হয়। ২০০৩ সালে বাংলাদেশ ডিএসসির প্রথম কিস্তি পায়। এরপর দ্বিতীয় ও তৃতীয় কিস্তির অর্থও ছাড় দিয়েছে বিশ্বব্যাংক।
চতুর্থ কিস্তির অর্থ ২০০৬ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসেই ছাড় দেওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর বেসরকারিকরণ, দুর্নীতি দমন ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাজের ক্ষেত্রে তেমন কোনো অগ্রগতি না হওয়ায় তা ছাড় করানো যায়নি।
চতুর্থ কিস্তির ক্ষেত্রে বিশ্বব্যাংকের প্রধান দুটি শর্ত ছিল বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। তৃতীয় কিস্তির অর্থ ছাড় করানোর সময় শর্ত ছিল ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষা ও বিভিন্ন রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের উন্নয়ন।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্বব্যাংকের কর্মকর্তারা দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করার ক্ষেত্রে সরকারের নেওয়া পদেক্ষেপের প্রশংসা করেন। তারা বলেন, গত কয়েকমাসে আইন শৃংখলা ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে।
কিন্তু মূল্যস্ফীতি কমাতে এবং দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে আরো কাজ করতে হবে বলে মন্তব্য করেন তারা।
বিনয় স্বরূপ বলেন, “এই সরকার সবেমাত্র তিন মাস শেষ করেছে। কিন্তু তারা যেভাবে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে তা প্রশংসার দাবিদার।”
বড় বড় বিনিয়োগকারীরা সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিনিয়োগ করতে চান না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, “এ ব্যাপারে মূল্যায়নের সময় এখনো আসেনি।”
তিনি বলেন, “২০০৬-০৭ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ৬ মাসে বাংলাদেশে মাত্র সাড়ে আটাশ কোটি মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ এসেছে। অথচ আগের অর্থবছরের ওই সময়ে বিনিয়োগের পরিমাণ ছিল ৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।”
অপর এক প্রশ্নের জবাবে কায়সার খান বলেন, “এখনকার সরকারের সঙ্গে কাজ করতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। বিশ্বব্যাংক সব সরকারের সঙ্গেই সমান গুরুত্ব দিয়ে কাজ করে।”
