বিশ্ব বাণিজ্য আলোচনার জট ছাড়াতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ইইউ বৈঠক
নয়াদিল্লিতে চতুর্পক্ষীয় বাণিজ্য আলোচনাকে কেন্দ্র করে বুধবার দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাণিজ্যমন্ত্রীরা। ইইউ ও ব্রাজিলের মধ্যেও আরেকটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র, ইইউ, ব্রাজিল ও ভারতের চতুর্পক্ষীয় আলোচনা শুরুর আগেই। চতুর্পক্ষের বাণিজ্যমন্ত্রীরা বৃহস্পতিবার শুরু করবেন মূল আলোচনা। কৃষি ভর্তুকি ও শুল্ক বাধা অপসারণ নিয়ে উন্নত দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর বিরোধ মেটানোই প্রাধান্য পাবে ওই বৈঠকে।
আট মাসেরও বেশি সময়ের প্রচেষ্টার পর উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিরা এবারই প্রথম এ ধরনের বৈঠকে মিলিত হচ্ছেন। ভারতের বাণিজ্য সচিব গোপাল পিল¬াই রয়টার্সকে বলেন, “আমরা খুবই আশাবাদী। সবকিছুর পরও সবাই একসঙ্গে আলোচনায় বসতে পারাটা আসলেই ইতিবাচক।”
তার মতে, বড় ধরনের অগ্রগতি আশা না করা গেলেও এ বৈঠকে বাণিজ্য আলোচনা অন্তত কিছুটা আগাবে। এক সপ্তাহ পর কিংবা ১০ দিন পর আবার বৈঠক হতে পারে। এভাবে এই প্রক্রিয়া চলতেই থাকবে।
কৃষি ভর্তুকি কমানোর জন্য দীর্ঘদিন ধরেই প্রবল চাপ রয়েছে যুক্তরাষ্ট্রের ওপর। অন্যদিকে কৃষিজাত পণ্যের ওপর শুল্ক কমাতে চাপ রয়েছে ইইউর ওপর।
এদিকে, উন্নয়নশীল দেশগুলোর নেতৃত্বদানকারী ভারত ও ব্রাজিলের বাজারকে কৃষি ও শিল্পজাত দ্রব্যের জন্য আরও উন্মুক্ত করতে আহ্বান জানিয়ে আসছে শিল্পোন্নত দেশগুলো।
ইইউর বাণিজ্য বিষয়ক কর্মকর্তা পিটার ম্যান্ডেলসন নয়াদিল্লিতে পৌঁছে এক বিবৃতিতে বলেন, “খোলা মন নিয়ে আলোচনায় এসেছি আমরা। সবসময়ই ইতিবাচক ও অগ্রসর পদক্ষেপের পক্ষে থাকতে চাই। প্রয়োজনীয় নমনীয়তা দেখাতে তৈরী আমরা।” তিনি আরও বলেন, ইইউর পক্ষ থেকে এ অবস্থান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন তিনি।
তবে আশাবাদী হতে পারছেন না ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী ক্রিস্টিন ল্যাগার্ড। গত সপ্তাহে তিনি বলেন, “দু’পক্ষের মধ্যে এখনও মতের অনেক ফারাক।”
তার মতোই হতাশা প্রকাশ করেন ওয়াশিংটনের বাণিজ্য বিশ্লেষক গ্যারি ব¬ুম্যান্থল। তিনি বলেন, “অগ্রগতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কারণ কৃষি ভর্তুকি প্রত্যাহারের পক্ষপাতি নয় যুক্তরাষ্ট্রের খামার মালিকরা। ফলে জট ছাড়ানো আসলেই কঠিন।”
প্রসঙ্গত, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর ব্যাপক মতপার্থক্যের কারণে গত বছর বিশ্ব বাণিজ্য আলোচনা স্থগিত ঘোষণা করেন বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান পাসকেল লামি।
