প্রস্তাবিত মজুদদারি বিরোধী আইনে ভোক্তাস্বার্থ থাকছে না
মজুদদারি বিরোধী আইনের প্রস্তাবিত অধ্যাদেশটি অনুমোদন পেলে ব্যবসায়ী বিশেষ করে আমদানিকারকরা লাভবান হবেন। ভোক্তারা এর মাধ্যমে তেমন কোনো সুবিধা পাবেন না বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তা।
নামপ্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রস্তাবিত অধ্যাদেশে আমদানিকারকদের চার মাস পর্যন্ত পণ্য মজুদ করার অনুমতি দেওয়া হয়েছে। এটি সাধারণ মানুষের জন্য তেমন উপকার বয়ে আনবে না।”
প্রচলিত মজুদদারি বিরোধী আইন অনুসারে, একজন আমদানিকারক আমদানি করা মোট পণ্যের অর্ধেক আমদানির ৩০ দিনের মধ্যে বিক্রি করতে বাধ্য। বাকি ২৫ ভাগ পণ্য পরবর্তী ২৫ দিনের ভেতর ও অবশিষ্ট ২৫ ভাগ পণ্য এর পরের ২০ দিনের মধ্যে বিক্রি করতে হবে।
খাদ্য কর্মকর্তা বলেন, “প্রস্তাবিত অধ্যাদেশে পণ্য বিক্রির ব্যাপারে এ ধরনের কোনো পর্যায় ভাগ করা নেই। এ কারণে কিছু আমদানিকারক সিন্ডিকেট তৈরিতে উৎসাহিত হতে পারেন।”
নতুন প্রস্তাব অনুসারে, আমদানিকারকরা ১২০ দিন, পাইকারি ব্যবসায়ীরা ৩০ দিন এবং খুচরা ব্যসায়ীরা সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত পণ্য মজুদ রাখতে পারবেন।
প্রাথমিকভাবে বাণিজ্য মন্ত্রণালয় আমদানিকারকদের জন্য পণ্য মজুদের সময়সীমা ৩০ দিন করার প্রস্তাব করেছিল।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণে এ বছরের জানুয়ারির মাঝামাঝি সময় থেকে সরকার মজুদদারি বিরোধী অভিযান শুরু করলে পণ্য মজুদ আইনের বিষয়টি আলোচনায় উঠে আসে।
আইন মন্ত্রণালয়ের পর্যালোচনার পর অধ্যাদেশটি কার্যকর করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় এরমধ্যেই প্রস্তাবটি খাদ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তারা এ বিষয়ে একটি এসআরও তৈরি করছেন।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপ সচিব রাশেদা বেগম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দু’সপ্তাহের মধ্যে এ ব্যাপারে একটি প্রশাসনিক আদেশ জারি করতে পারব বলে আশা করছি।” তিনি বলেন, জরুরি ক্ষমতা অধ্যাদেশ ১৯৭৪, খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং মজুদদারি বিরোধী আইন ১৯৫৩ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৯১ অনুসারে ‘মজুদদারি’ কে সংজ্ঞায়িত করা হয়েছে।
তিনি আরও বলেন, “ব্যবসার জন্য কী পরিমাণ পণ্য কত সময় পর্যন্ত মজুদ রাখা যাবে সে বিষয়ে আইনটি একটি নির্দেশনা হিসেবে কাজ করবে।”
ধান, চাল, গম, চিনি, ভোজ্য তেল, ডাল, রসুন, গুড়া দুধ এবং শিশু খাদ্য-এই আটটি পণ্যের জন্য ‘মজুদদারি’র সংজ্ঞা নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যবসায়ীদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংজ্ঞা অনুসারে একটি নিত্যপণ্যের ‘মজুদদারি’ বলতে বোঝানো হয়েছে ইচ্ছাকৃত পণ্যের মজুদ করা, বাজারে পণ্য সরবরাহ বাধাগ্রস্ত করা, অযৌক্তিক কারণে খুচরা বিক্রেতা, পাইকার বা আমদানিকারকের দ্বারা পণ্যের বিক্রি, সরবরাহ ও পরিবহণের ওপর বিধি-নিষেধ আরোপ।
