ভাল-মন্দ মিলিয়েই চলছে শেয়ার বাজার
বিনিয়োগকারীর শেয়ার কেনাবেচায় আগ্রহ ও উদ্দীপনার কারণে খারাপ ভাল মিলিয়ে চলছে মঙ্গলবারের ঢাকার শেয়ার বাজার। শেষ চৈত্রের খর দুপুরে বিদ্যুৎ কোম্পানিগুলোই আছে কেনা-বেচার শীর্ষে। লাভ তুলে নেওয়ার জন্য এ খাতের শেয়ারগুলো হাতবদল হচ্ছে সোমবার থেকে অপেক্ষাকৃত কম দামেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিজিইএন বা সাধারণ সূচক ১.৯৬ পয়েন্ট বা ০.১১ শতাংশ বেড়ে বেলা ১১টা ৪৭ মিনিটে ১৭৩৪ দশমিক ৫৬ পয়েন্ট হয়েছে।
ডিএসআই বা সার্বিক সূচক শূণ্য দশমিক ২১ পয়েন্ট বা শূণ্য দশমিক ০১ শতাংশ কমে ১৪৮৩ পয়েন্ট হয়েছে।
ওই সময় পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। সোমবার মোট লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৪৪ লাখ ৪০ হাজার টাকা।
৭২িিট প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং ৪৬টির দাম কমেছে। ১৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
১১টা ৩৬ মিনিট পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার। এর পরেই ছিল ডেসকো ও ব্র্যাক ব্যাংকের শেয়ার। চার ও পাঁচ নম্বরে ছিল বিএসআরএস মিউচ্যুয়াল ফান্ড আর সামিট পাওয়ার।
পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৪৮৭ টাকা থেকে ১.৭৫ টাকা কমে ৪৮৫ টাকা ২৫ পয়সা হয়েছে। কমে গেছে ডেসকোর শেয়ারের দামও। সোমবারের ৭২৬.২৫ টাকায় বিক্রি হওয়া ডেসকো শেয়ার এসময় দাম পেয়েছে ৭২৪.২৫ টাকা।
২৫ পয়সা বেড়ে ব্র্যাক ব্যাংকের শেয়ারের বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ৫১৭.২৫ টাকা। ফার্স্ট বিএসআরএস মিউচ্যুয়াল ফান্ড এর শেয়ারের দাম ৩৬২.৫০ টাকা থেকে বেড়ে ৪১৯.৫০ টাকায় দাঁড়িয়েছে।
অবশ্য কমে গেছে সামিট পাওয়ারের শেয়ারের দাম। ৫৬৯.৫ এর থেকে কমে এখন এর দাম ৫৬৭ টাকা।
