২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংক হস্তান্তরের নেপথ্যে সেই মুসা

রূপালী ব্যাংক সৌদি যুবরাজ কিনে নিচ্ছেন, সে কথা সবারই জানা। কিন্তু এর নেপথ্যে যে অন্য কেউ থাকতে পারেন, তা এতদিন জানা ছিল না। ছয় মাসের আলোচনার পর ব্যাংক হস্তান্তর প্রক্রিয়া যখন চূড়ান্ত, ঠিক তখনই বেরিয়ে এল এর নেপথ্য নায়কের পরিচয়-বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের। বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যার পরিচয় ‘বাংলাদেশের যুবরাজ’। জানাচ্ছেন সাজ্জাদুর রহমান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 12:12 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

রাষ্ট্র মালিকানার রূপালী ব্যাংক (আরবিএল) সৌদি যুবরাজ কিনে নিচ্ছেন, সে কথা সবারই জানা। কিন্তু এর নেপথ্যে যে অন্য কেউ থাকতে পারেন, তা এতদিন জানা ছিল না। ছয় মাসের আলোচনার পর ব্যাংক হস্তান্তর প্রক্রিয়া যখন চূড়ান্ত, ঠিক তখনই বেরিয়ে এল এর নেপথ্য নায়কের পরিচয়-বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসের। বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে যার পরিচয় ‘বাংলাদেশের যুবরাজ’।

২০০৬ সালে নিলামে ৩৩ কোটি ডলারে রূপালী ব্যাংকের ৬৭ দশমিক ২৬ ভাগ শেয়ার কিনে নেন যুবরাজ বন্দর বিন মুহাম্মদ বিন আবদুল রহমান আল সউদ। চলতি বছর ১২ কোটি ৮০ লাখ ডলারে আরও ২৬ ভাগ শেয়ার কেনার জন্য সরকারকে প্রস্তাব দেন তিনি।

গত ২২ ফেব্রুয়ারি সরকার ওই শেয়ার বিক্রিরও নীতিগত সিদ্ধান্ত নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, এই সব প্রক্রিয়ায়ই ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন মুসা বিন শমসের। সৌদি যুবরাজের পক্ষ থেকে বিনিয়োগ বোর্ডে দেওয়া সবগুলো চিঠিরই অনুলিপি পাঠানো হয়েছে মুসাকেও। গত ১৭ মার্চ পাঠানো এরকম একটি চিঠির অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর কাছে রয়েছে।

মুসার কীর্তি!

আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী বলে পরিচিত মুসার খুব একটা সুনাম দেশেও নেই। হত্যা, হত্যা প্রচেষ্টা বেশ কিছু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রয়েছে কর ফাঁকির অভিযোগও।

তার প্রতিষ্ঠান ডেটকোর এজেন্ট নজরুল ইসলামকে হত্যা করে লাশ গুমের অভিযোগ যেমন রয়েছে মুসার বিরুদ্ধে, তেমনি রয়েছে দৈনিক জনকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি প্রবীর শিকদারকে হত্যাচেষ্টার অভিযোগও।

সর্বশেষ বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গত ১ মার্চ বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় তার বিরুদ্ধে। মুসার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্যই অভিযোগকারী মাহফুজ উল্লাহ ওই ডায়েরি করেন। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা রবিউল ইসলাম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

মাহফুজ উল্লাহর অভিযোগ, বিদেশে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে ১ কোটি ৮৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মুসা বিন শমসের।

কে এই মুসা

কাগজে-কলমে ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত ডেটকোর চার পরিচালকের এক জন হলেন মুসা বিন শমসের। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেখা যায়, যুবরাজ বন্দরের নামও রয়েছে পরিচালকের তালিকায়।

অভিজাত জীবনযাপন ও যুক্তরাজ্যের লেবার পার্টির তহবিলে চাঁদা দেওয়ার প্রস্তাব দিয়ে বেশ ক’বার দুনিয়া জুড়ে প্রচার মাধ্যমের পাদপ্রদীপে উঠে আসেন মুসা বিন শমসের।

রূপালী ব্যাংকের হস্তান্তরে মুসা কতটা সম্পৃক্ত

রূপালী ব্যাংক হস্তান্তর প্রক্রিয়া মুসা বিন শমসের কতটা সম্পৃক্ত তা জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম যোগাযোগ করে প্রিন্স বন্দরের সিনিয়র উপদেষ্টা স্যার ফ্রাঙ্ক পিটারস এর সঙ্গে।

তিনি ই মেইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসলে মুসা বিন শমসেরের উৎসাহেই বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হন যুবরাজ বন্দর। যুবরাজ তাকে বলেছিলেন, বাংলাদেশে যদি তেমন বিনিয়োগের সুযোগ থাকে তাহলে তা গ্রহণে তার আপত্তি নেই। এক পর্যায়ে রূপালী ব্যাংক বিক্রির প্রসঙ্গটি এলে যুবরাজ তা লুফে নেন।