বাগেরহাটে ন্যায্যমূল্যের বেচা-বিক্রিতে ব্যাপক সাড়া
বাগেরহাটের বাজারে দুই টাকা কেজি দরে ঢেঁড়শ বিক্রি হয়নি বহুদিন। শহরের ক্ষুদ্র ব্যবসায়ী তাকছির রোববার রাতেও আট টাকা কেজি দরে ঢেঁড়শ কিনেছেন। সোমবার সকালে রেল রোডে ন্যায্য মূল্যে দুই টাকা কেজি দরে ঢেঁড়শ বিক্রি হচ্ছে-খবর পেয়েই তিনি ছুটে এসেছেন।
সোমবার সকাল থেকে বাগেরহাট পৌরসভা এবং জেলা শিল্প ও বণিক সমিতির তত্ত্বাবধানে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির এই দোকান খোলা হয়েছে। শহরের রেল রোড, দশানী ট্রাফিক মোড়, লঞ্চঘাট ও মুনিগঞ্জে পরিচালিত দোকান চারটি দেখাশোনা করছে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।
সরেজমিন এসব দোকান ঘুরে দেখা গেছে, সব শ্রেণীর মানুষই এসব দোকান থেকে মালামাল কিনলেও নিম্ন আয়ের দরিদ্র মানুষের ভিড়ই বেশি। শিল্প ও বণিক সমিতির দোকান ও পৌরসভার দোকানে কোন কোন পণ্যের দামে দু-এক টাকা হের ফের হতে দেখা যায়। তবে তা খোলা বাজারের তুলনায় কম।
রেল বস্তির রিকশা চালক মজিদের স্ত্রী রাশিদা জানান, তিনি ন্যায্য মূল্যের দোকান থেকে ৪৬ টাকায় দুই কেজি চাউল, এক কেজি ঢেঁড়শ, আধা কেজি টমেটো এবং আধা কেজি আলু কিনেছেন। অন্যান্য দিন বাজার থেকে এসব পণ্য কিনতে তার ৬১ থেকে ৬২ টাকা ব্যয় হয়েছে। তিনি শহরের বিভিন্ন স্থানে এ ধরনের আরও দোকান খোলার দাবি জানান।
সোমবার সকালে বাগেরহাট বাজারের সঙ্গে তুলনা করে দেখা গেছে, ৮ থেকে ১০ টাকা দরের ঢেঁড়শ ন্যায্য মূল্যের দোকানে ২ টাকা কেজি দরে, ১০ টাকার টমেটো ৫ টাকায়, ১৫ টাকার করলা ৯ টাকায়, ৬ টাকার লাল শাক ৩ টাকা দরে, ৪৫ টাকার রসুন ৩০ টাকা কেজি দরে, ৫০ টাকার আদা ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের এক লিটারের বোতল বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৬৮ টাকা দরে। আলু বিক্রি হয়েছে ১৩-১৪ টাকায় এবং পেঁয়াজ ১১ থেকে ১২ টাকায়।
বাগেরহাট পৌরসভার চেয়ারম্যান খান হাবিবুর রহমান বলেন, আজ থেকে পৌরসভার দোকানে ১৫ টাকা চার আনা দরে চাউল বিক্রি করতে পারবেন। অনভ্যস্ততার কারণে পৌরসভার কর্মীরা প্রথম প্রথম কিছুটা সমস্যায় পড়ছেন বলে তিনি জানান।
কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি ও চেম্বার অব কমার্সের সদস্য আতিয়ার সরদার জানান, শহর সংলগ্ন গ্রামের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য সরাসরি শিল্প ও বণিক সমিতি পরিচালিত ন্যায্য মূল্যের দোকানে এনে বিক্রির সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তখন আরও কম দামে বিভিন্ন শব্জি বিক্রি করা সম্ভব হবে।
