ঢাকার শেয়ার বাজার চাঙ্গা
বিভিন্ন ব্যাংকের শেয়ারের চাহিদা বেড়ে যাওয়ায় সোমবার দিনের মধ্যভাগে ঢাকার শেয়ার বাজার চাঙ্গা হয়ে ওঠেছে। তবে পাওয়ার কোম্পানির শেয়ার বিক্রির পরিমাণ কমে গেছে।
বিডি ওয়েল্ডিং ইলেকট্রোডসের শেয়ার কেনাবেচা সপ্তম দিনের মত বন্ধ রেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত কয়েকদিন ধরে এ কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ডিএসই এ সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিজিইএন বা সাধারন সূচক ৬.৫৯ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে বেলা ১১টা ৫৭ মিনিটে ১৭৩৩ দশমিক ৬০ পয়েন্ট হয়েছে।
ডিএসআই বা সার্বিক সূচক ৫ দশমিক ৩০ পয়েন্ট বা শূণ্য দশমিক ৩৫ শতাংশ বেড়ে ১৪৮৫.১৭ পয়েন্ট হয়েছে। ৮৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে এবং ৪২টির দাম কমেছে। ১৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বেলা ১১টা ৫৭ মিনিট পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকা। রোববার মোট লেনদেন হয়েছিল ৭২ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা।
পৌনে বারোটা পর্যন্ত সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডেসকোর শেয়ার। রোববার এ শেয়ারের দাম ৭২০ টাকা থাকলেও সোমবার তা ছিল ৭১৯ টাকা। এর পরের অবস্থানেই রয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ এবং শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৪৮২ টাকা ৫০ পয়সা থেকে কমে ৪৮০ টাকা হয়েছে। তবে শাহজালালের শেয়ারের দাম ২৩২ টাকা থেকে বেড়ে ২৩৬ টাকা হয়েছে।
অন্যদিকে ইউসিবিএল এবং ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ৯৮৬ দশমিক ৫ টাকা এবং ৪৯৬ দশমিক ২৫ টাকা থেকে বেড়ে যথাক্রমে দুই হাজার ৩০ টাকা এবং ৫০৬ টাকায় দাঁড়িয়েছে।
