২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শুরুতে চাঙা শেয়ার বাজার

সরকারি মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় অব্যহত থাকায় সপ্তাহের শুরুতে রোববার শেয়ার বাজার ছিল কিছুটা চাঙা। অন্যদিকে, এক সপ্তাহের মধ্যে সৌদি যুবরাজ বন্দরের কাছে রূপালী ব্যাংক হস্তান্তর হচ্ছে এমন সংবাদ প্রকাশের কারণে ব্যাংকটির শেয়ার লেনদেনে ছিল তেজিভাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2007, 09:18 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

তবে তদন্ত চলার কারণে বিডিওয়েল্ডিং এর শেয়ারের লেনদেন স্থগিত ছিল। সিকিউরিটিজ অ্যান্ড স্টক কমিশন বুধবার প্রতিষ্ঠানটির লেনদেন স্থগিত করে।

ডিজিইএন বা সাধারণ সূচক ৩ দশমিক ০৭ পয়েন্ট বা দশমিক ১৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৭২৭ পয়েন্টে। সার্বিক সূচক ১১ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ বেড়ে ১ হাজার ৪৭৯ দশমিক ৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসই-২০ বা ভালোমানের শেয়ার (ব্লু-চিপ) সূচক ৩ দশমিক ৯২ পয়েন্ট বা দশমিক ২৮ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৩৬০ দশমিক ৩২ পয়েন্ট।

পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৪৯৩ টাকায় বিক্রি হয়েছে। ডেসকোর শেয়ারের দাম বৃহস্পতিবারের ৭১২ টাকা থেকে বেড়ে দিনশেষে হয় ৭১৯ টাকা ৭৫ পয়সা।

‘এ সপ্তাহে রূপালী ব্যাংক হস্তান্তর’ শিরোণামে দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশের কারণে রূপালী ব্যাংকের শেয়ারের দাম আগের দিনের চেয়ে ১৪৮ টাকা ২৫ পয়সা বেড়ে ২ হাজার ২৬৯ টাকা ৭৫ পয়সা হয়।

মোট লেনদেনের হিসেবে শীর্ষ প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংকের দিনশেষে ৩ লাখ ২৩ হাজার ২৫০ টি শেয়ার লেনদেন হয়েছে। পাওয়ার গ্রিডের লেনদেন হওয়া শেয়ারের সংখ্যা ২ লাখ ৪৫ হাজার ৮০০ টি এবং ডেসকোর শেয়ারের সংখ্যা ছিল এক লাখ ৪৮ হাজার ১৫০ টি।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৯৩টির এবং ২০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত আছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক একচেঞ্জে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমেছে ৪৩ টির। ১০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত আছে।

চট্টগ্রাম স্টক এক্সেচেঞ্জের সার্বিক শেয়ার সূচক দশমিক ৭৭ শতাংশ বেড়ে চার হাজার ২১৮ দশমিক ৩৫ পয়েন্ট হয়।