২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রম আইনের প্রয়োগে নিটওয়্যার কারখানায় নজরদারির উদ্যোগ

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) তাদের কারখানাগুলোতে শ্রম আইনের প্রয়োগ এবং আন্তর্জাতিক নীতিমালা মেনে শ্রমিকদের বেতনভাতা দেওয়া হচ্ছে কী না তার নজরদারি শুরু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 07:35 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

সমিতির সভাপতি ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই নজরদারির জন্য এরইমধ্যে আমরা ১৪ জন কর্মকর্তা নিয়োগ দিয়েছি। আগামী সপ্তাহে তাদের প্রশিক্ষণ দিতে শুরু করবে বিকেএমইএ।”

তিনি বলেন, “এই নজরদারির ফলে নিটওয়্যার কারখানাগুলোতে শ্রম আইনের প্রয়োগ এবং আন্তর্জাতিক নীতিমালার সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের বেতনভাতার বিষয়টি নিশ্চিত হবে।”

বাংলাদেশের পোশাক শিল্প কারাখানাগুলোতে শ্রমিকদের মজুরিসহ শ্রম অধিকার বাস্তবায়ন হচ্ছে না বলে আন্তর্জাতিক ও বেসরকারি বিভিন্ন সংগঠন বেশ কিছুদিন ধরেই অভিযোগ করে আসছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ‘স্যোসাল কমপ্লায়েন্স মনিটরিং প্রোগ্রাম’ নামের এই নজরদারি প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা দেবে জার্মান সরকারের উন্নয়ন সংস্থা-জিটিজেড। বিকেএমইএ গত ফেব্রুয়ারিতে স্যোসাল কমপ্লায়েন্স সেল গঠন করে। এই সেল আগামী তিন বছর নজরদারির কাজ চালাবে।

প্রকল্পের আওতায় বিকেএমইএ-এর জন্য তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি তৈরিতে সহায়তা করছে ভারটেক্স সফটওয়্যার নামের একটি দেশীয় কোম্পানি। তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি তৈরি হলে নিটওয়্যার কারখানার কমপ্লায়েন্স স্তরসহ অন্যন্য অবস্থান নির্ধারণ করা যাবে।

সোস্যাল কমপ্লায়েন্স সেল সমন্বয়কারী রুমান আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক নজরদারির পর বিভিন্ন কারখানায় শ্রম অধিকার ও পরিবেশ উন্নয়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে পারব। বিশেষ করে সি এবং ডি গ্রেড কারখানাগুলোতে ধারাবাহিক নজরদারি ও ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদের অবস্থার উন্নতি করা হবে।”

তিনি বলেন, “এরই ধারবাহিকতায় কারখানাতেই শ্র্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া ব্যবস্থাপকদেরও প্রশিক্ষণ দেওয়া হবে।”

প্রকল্পের আওতায় বিকেএমইএ মোট ১২ জন মনিটরিং কর্মকর্তা, দুইজন ঊর্ধ্বতনসহ ছয়জন কমপ্লায়েন্স কর্মকর্তা নিয়োগ দেবে বলে জানা গেছে।

এক হাজারেরও বেশি প্রতিষ্ঠান বর্তমানে বিকেএমইএ’র সদস্য। এ সব প্রতিষ্ঠান ২০০৫-০৬ অর্থ বছরে প্রায় ৩৬০ কোটি আমেরিকান ডলারের নিট পন্য রপ্তানি করেছে।