২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজ কর কর্মকর্তাদের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার

একশ্রেণীর কর কর্মকর্তার দুর্নীতির কারণে কারণে প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এবং তদারকির অভাবে ওইসব কর্মকর্তা তাদের অনিয়ম চালিয়ে যাচ্ছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

সাজ্জাদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 05:38 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

জাতীয় রাজস্ব বোর্ডের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

কর ফাঁকি দিতে এসব কর্মকর্তার সহায়তায় বিভিন্ন উপায় বেছে নিয়েছেন করদাতারা। তাদের বেশিরভাগই বিভিন্ন সূত্রে অর্জিত অর্থকে উপহার হিসেবে এবং আয়কর দাখিল প্রতিবেদনে সেটি ভুল করে বসানো হয়েছে দাবি করে কর ফাঁকি দিচ্ছেন।

অনুসন্ধানে দেখা গেছে, একই পরিবারের তিনজন কর দাখিল প্রতিবেদনে বলেছেন, তারা প্রত্যেকে ১৯৯০ সালে

উপহার বাবদ দুই কোটি করে টাকা পেয়েছেন। কিন্তু তাদের ওই হিসাব ২০০৫-০৬ অর্থ বছরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনাটি ঘটেছে আয়কর বিভাগের তিন নম্বর জোনের ৩০ নম্বর সার্কেলে।

আয়কর বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ওই সার্কেলের একজন অতিরিক্ত সহকারী কর কমিশনার প্রচুর টাকা ঘুষ নিয়ে এই দুর্নীতিতে সহায়তা করেছেন।”

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর জরিপ ও পরিদর্শন) আশেক হোসেন এ ব্যাপারে বলেন, “নিয়মানুযায়ী যে বছর উপহার নেওয়া হয়েছে সেই বছরেই কর দাখিল প্রতিবেদন দেখাতে হবে। এক্ষেত্রে নিয়ম ভেঙে কিছু করা হলে দায়ী থাকবে কর কর্মকর্তারাই।”

আয়কর বিভাগের তিন নম্বর জোনের একজন করদাতা ১৯ লাখ টাকা প্রথমে ঋণ হিসাবে উল্লেখ করে পরে একে উপহার দাবি করেছেন।

অপর এক করদাতা কর দাখিল প্রতিবেদনে নগদ ৭০ লাখ টাকা থাকার কথা উল্লেখ করেন। পরে তিনি বলেন, ভুল করে ওই পরিমাণ টাকার কথা বলা হয়েছে।

তিন নম্বর জোনের আরেক করদাতা আয়ের বিবরণীতে ৩৯ লাখ ২৮ হাজার নগদ টাকার কথা উল্লেখ করলেও অডিটের সময় জানান তিনি ভুল করেছিলেন।

একই জোনের ২৩ নম্বর সার্কেলের একজন করদাতা জমি বিক্রির অর্থকে কালো টাকা হিসাবে দেখিয়েছেন। প্রসঙ্গত ২০০৫-০৬ অর্থবছর পর্যন্ত সাড়ে সাত শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল সরকার।

এভাবে বিভিন্ন উপায়ে কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিয়ে একশ্রেণীর কর কর্মকর্তা সরকারকে রাজস্ব বঞ্চিত করছেন।

আয়কর অধ্যাদেশের ১২৮ নম্বর ধারায় বলা আছে, কর ফাঁকি দেওয়ার জন্য আয় বিবরণীতে কেউ যদি তথ্য গোপন করেন, ভুল তথ্য দেন বা স্থাবর সম্পত্তির দাম কম দেখান তাহলে গোপনীয় সম্পদের পাঁচগুণ পর্যন্ত জরিমানা হবে।

কিন্তু এই আইন মানা হচ্ছে না বলে তিন নম্বর জোনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন।

তিনি জানান, দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা ঘুষের বিনিময়ে কর ফাঁকি দেওয়ার উপায়গুলো দেখিয়ে দেন।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) আলী আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের ব্যাপারগুলো ভালোভাবে পরীক্ষা না করে মন্তব্য করা যাবে না। করদাতারা কখন এবং কীভাবে তাদের আয়কর দাখিল করেছেন সেটা পরীক্ষা করলেই আয়কর ফাঁকির বিষয়টি বেরিয়ে আসবে।”

করফাঁকির তদারকিতে রাজস্ব বোর্ডের দুর্বলতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি “এটা প্রশাসনের ব্যাপার” বলে এড়িয়ে যান।