গুজব ও জল্পনায় বিভ্রান্ত ছিলেন বিনিয়োগকারীরা
বাজারে গুজব এবং জল্পনার কারণে বিনিয়োগকারিরা বিভ্রান্ত হওয়ায় নিুমানের ‘জেড’ শ্রেণীর শেয়ারগুলো বেশি লাভ করে সপ্তাহ শেষ করেছে। ঢাকা স্টক এক্সেচেঞ্জর (ডিএসই) প্রতিবেদনে দেখা গেছে বাজারে লেনদেন মন্দা থাকায় ভালো মানের শেয়ারগুলো সপ্তাহ শেষে ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আবু আহমেদ মন্তব্য করেছেন, বাজারে গুজব ও বিভ্রান্তি ছড়ানের মাধ্যমে নিম্ন মানের শেয়ারের দাম বাড়ানো হয়েছে।
তিনি বলেন,“ বাজারে মন্দাভাব চলতে থাকলে ‘জেড’ শ্রেনীর শেয়ারের দাম বাড়ানোর একটা প্রবণতা কাজ করে। এটা ঠিক নয়। গুজব ছড়িয়ে সুযোগ সন্ধানীরা নিম্ন মানের শেয়ারগুলো বাজারে ছাড়ার মাধ্যমে লাভ তুলে নেয় এবং সাধারণ বিনিয়োকারীরা যথেষ্ঠ ক্ষতিগ্রস্ত হয়।”
গত সপ্তাহেও ডিএসইর সব শেয়ার সূচক নিম্নগামী ছিল।
গতসপ্তাহে ডিএসইর মোট লেনদেন ছিল ২৫২ কোটি টাকা যা আগের সপ্তাহের মোট লেনদেন ২৮৭ কোটি টাকার চেয়ে ১১ দশমিক ৪৭ শতাংশ কম।
গত সপ্তাহে বাজারে সরকারি জ্বালানী খাতের শেয়ার ছাড়ার গুজবে বিনিয়োগকারীদের মধ্যে জ্বালানী খাতের শেয়ার কেনার আগ্রহ বেড়েছিল।
ডিএসইর তথ্য অনুসারে, লভ্যাংশ ঘোষণা না করায় অথবা বার্ষিক সাধারণ সভা না করায় ‘জেড’ শ্রেনীভুক্ত সাতটি প্রতিষ্ঠান সপ্তাহ শেষে শীর্ষ লাভবানদের তালিকায় অবস্থান করেছে।
আবু আহমেদ জানান, নিম্ন মানের শেয়ারের দাম বাড়ানোর প্রক্রিয়ার বিরুদ্ধে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেন, “সিএসইর উচিত এসব নিম্ন শেয়ার তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য চাপ দেওয়া, প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদকে স্থগিত ঘোষণা করা এবং এসব প্রতিষ্ঠানকে আর্থিক সঙ্গতিহীন ঘোষণার মাধ্যমে সুযোগ সন্ধানীদের বাজরে শেয়ারের দাম ওঠানামা নিয়ন্ত্রণ কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেওয়া।”
‘জেড’ শ্রেণীভুক্ত সাতটি প্রতিষ্ঠান হলো: বাংলাদেশ ওয়েল্ডিং ইলেক্ট্রডস, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, লেক্সকো, জিল বাংলা সুগার, বিডিকম অনলাইন লিমিটেড, আশরাফ টেক্সটাইল এবং বাংলা প্রসেস।
‘বি’ শ্রেণীভুক্ত প্রতিষ্ঠানের ভেতর মিথুন নিটিং ও তাল্লু স্পিনিং এবং ‘এ’ শ্রেণীভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র আল-আরাফাহ ইসলামী ব্যাংক বেশি মুনাফা অর্জন করেছে।
বাংলাদেশ ওয়েলিং এর চলমান তদন্তের প্রসঙ্গ টেনে এসইসি চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, কোনো ধরনের অসাধু কার্যক্রম দেখামাত্র সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “বর্তমান অবস্থা ভালো। আমরা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম পর্যবেক্ষণ করছি যাতে শেয়ারের দাম বাড়ায় সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হন।”
ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে থাকা ‘এ’ শ্রেণীভুক্ত সাতটি প্রতিষ্ঠান হলো: ডাচ-বাংলা ব্যাংক, ব্যাংক এশিয়া, সাউথ ইস্ট ব্যাংক, ফার্স্ট লিজ ইন্টারন্যাশনাল, লিবরা ইনফিউশন, ন্যাশনাল টি এবং পদ্মা এইডস।
নতুন তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংক, আইসিবি মিউচুয়াল ফান্ড এবং ম্যাক এন্টারপ্রাইজ লভ্যাংশ তুলে নেওয়ায় তাদের শেয়ারের দাম কমেছে।
