লেনদেন বাড়লেও সূচক কমেছে দুই শেয়ার বাজারেই
সরকারি কোম্পানির শেয়ার বিক্রি বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার দেশের উভয় শেয়ার বাজারে লেনদেন বুধবারের তুলনায় কিছুটা বেড়েছে। তবে দুই বাজারেই সূচক কমেছে।
ইকুইটি পার্টনার্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত তেজি ভাব বা আতঙ্ক না থাকায় সপ্তাহ শেষে বাজার স্থিতিশীল রয়েছে।
বৃহস্পতিবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৬৯ কোটি ১২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৬২ কোটি ৭০ লাখ ৫ হাজার টাকা।
লেনদেনের পরিমান কিছুটা বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। বুধবারের ১২ কোটি ৪ হাজার টাকা থেকে বেড়ে বৃহস্পতিবার এ বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ১০ লাখ ৮ হাজার টাকা।
এদিকে বৃহস্পতিবারের বাজারে সাউথইস্ট ব্যাংকের শেয়ার বেশ খানিকটা হোঁচট খেয়েছে। এ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ১২ দশমিক ৮২ শতাংশ কমে ২৯০ টাকা হয়েছে।
ডিজিইএন বা সাধারণ সূচক ৭ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়ায় ১ হাজার ৭২৩ দশমিক ৯২। সার্বিক সূচক চার দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ কমে ১ হাজার ৪৬৮ দশমিক ৬০ এ দাঁড়িয়েছে।
ডিএসই-২০ বা ভালোমানের বিশটি শেয়ারের (ব্লু-চিপ) সূচক ১৯ দশমিক ৯০ পয়েন্ট বা ১ দশমিক ৪৪ শতাংশ কমে হয়েছে এক হাজার ৩৫৬ দশমিক ৪০। সাউথইস্ট ব্যাংকের শেয়ারের দাম কমে যাওয়াকেই সূচক পতনের কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
এদিকে মিউচ্যুয়াল ফান্ড, আইসিটি ও ব্যাংকিং সেক্টরের শেয়ারের দর পতনের প্রভাব পড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। কিছু সরকারি কোম্পানির শেয়ার বাজারে ছাড়া হবে এমন গুজব ছড়িয়ে পড়ার পর পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ, ডেসকো ও ইস্টার্ন কেবল্সের শেয়ারের দাম ছিল ঊর্ধ্বমুখী।
বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে ছিল পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম শতকরা ১ দশমিক ৮৭ ভাগ বেড়ে ৪৭৫ টাকা ২৫ পয়সায় বিক্রি হয়েছে। ডেসকোর শেয়ারের দাম ১ দশমিক ০৬ শতাংশ বেড়ে ৪৭৫ টাকা ২৫ পয়সা হয়েছে।
ইস্টার্ন কেবল্সের শেয়ারের দামও বেড়েছে। এ প্রতিষ্ঠানের শেয়ার দর ৪ দশমিক ১৯ শতাংশ বেড়ে হয়েছে ৫৫৯ টাকা।
তবে শাহজালাল ব্যাংক ও ইউসিবিএল এর দাম কিছুটা কমেছে। শাহজালাল ব্যাংকের শেয়ার দাম ৩ দশমিক ২৬ শতাংশ কমে হয়েছে ২৩৭ টাকা। এ ছাড়া এক দশমিক ১৮ শতাংশ কমে ইউসিবিএল এর শেয়ারের দাম হয়েছে এক হাজার ৯৭৯ টাকা ৭৫ পয়সা।
বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৭২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৯৬টির এবং ২৩ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত আছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমেছে ৪৮টির। ১০ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত আছে।
