ওরিয়েন্টাল ব্যাংকের নতুন জীবন দিতে চাইছে বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক নতুন শেয়ার ইস্যু করে ওরিয়েন্টাল ব্যাংকের মূলধন বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী এখন ব্যাংকটির পরিশোধিত পুঁজি ৫১ কোটি ৯০ লাখ টাকা।
প্রায় ছয়শ কোটি টাকা লুটপাটের ঘটনা ধরা পড়ার পর সরকার ওরিয়েন্টাল ব্যাংকের সার্বিক অবস্থার উন্নতির জন্য বাংলাদেশ ব্যাংককে প্রস্তাবনা তৈরির নির্দেশ দেয়। এর পর বাংলাদেশ ব্যাক প্রস্তাবনাটি তৈরি করলে সম্প্রতি সেটি অনুমোদনের জন্য পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ে।
প্রস্তাবিত পরিকল্পনায় ওরিয়েন্টাল ব্যাংকের নতুন শেয়ার ইস্যু করে মূলধন সংগ্রহের সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক খোলা দরপত্রের মাধ্যমে এই শেয়ার বিক্রির প্রস্তাব করেছে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
ব্যাংকটি ইসলামী শরীয়া মোতাবেক পরিচালিত হওয়ায় বাংলাদেশ ব্যাংক বলছে, আমানতকারীদের মুনাফা দেওয়া হবে না। কেবল আসল টাকা ফিরিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ টাকা পর্যায়ক্রমে পাঁচ বছরের মধ্যে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তবে আমানতকারীদের ক্ষতি যাতে না হয় সেজন্য তাদের মধ্যে শেয়ার বিতরণের প্রস্তাব করেছে।
সরকার ২৫ জানুয়ারি ছয় মাসের জন্য ওরিয়েন্টাল ব্যাংক বন্ধ ঘোষণা করে এবং এ সময়ের মধ্যে ব্যাংটির পুর্নগঠনের জন্য বাংলাদেশ ব্যাংককে প্রস্তাবনা তৈরির নির্দেশ দেয়। তখন পুরনো গ্রাহকদের একসঙ্গে ১০ হাজার টাকার বেশি উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে নতুন গ্রাহকদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়।
৫৯৬ কোটি টাকার লুটপাটের প্রমাণ পাওয়ার পর সরকার এই নির্দেশ দিয়েছে। উদ্যোক্তাদের অন্যতম ওবায়দুল করিম ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামির সহযোগিতায় এই অর্থ লুটপাট করেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী ২০০২ সাল থেকে ব্যাংকটি লাভ করতে পারেনি। বর্তমানে ব্যাংকের প্রায় এক লাখ ৬০ হাজার আমানতকারী আছেন।
কেন্দ্রীয় ব্যাংক গত বছরের ১৯ জুন থেকে ব্যাংকটির ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান খানকে এর প্রশাসক নিয়োগ দেয়।
২০০৬ সালের ১৯ জুনের খসড়া নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী ওরিয়েন্টাল ব্যাংকের ১৩২৯ কোটি টাকা শ্রেণীবিন্যাসকৃত ঋণ, ১৮৭৬ কোটি টাকা মূলধন ঘাটতি, ২৩৮২ কোটি টাকার সঞ্চয় এবং ১৮১১ কোটি টাকার বিনিয়োগ আছে।
