টাটাসহ বড় বিনিয়োগগুলোর বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত
বড় ধরনের বিদেশি বিনিয়োগগুলোর প্রস্তাব নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ।
সরকারের অনুমোদনের অপেক্ষায় টাটা ছাড়াও বিদেশি বিনিয়োগের অন্য একাধিক প্রস্তাব অনেকদিন ধরে ঝুলে রয়েছে। গত সরকার এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান নজরুল ইসলাম বৃহস্পতিবার তার কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের জানান, এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। বিদেশী বিনিয়োগ আকর্ষণ করা নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি বলেন, “সরাসরি বিদেশি বিনিয়োগকারীদের শিগগিরই একটি সিদ্ধান্ত জানিয়ে দেব, তাদের আর ঝুলিয়ে রাখা হবে না।”
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর সালেহউদ্দিন আহমেদ বলেন, এ বৈঠকে টাটার তিন বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাবটি দ্রুত সুরাহা করার কথা হয়েছে। তিনি বলেন, আগে দুই পক্ষের মধ্যে সমঝোতার ক্ষেত্রে কিছু সমস্যা ছিল। এখন আমরা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।
বৈঠকের বিষয়ে তিনি বলেন, দেশে কীভাবে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ানো যায় সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে এ বৈঠকটি ছিল খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগের বছরের চেয়ে এবার প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ ৩৩ ভাগ কমে গেছে। গত অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বিনিয়োগ ছিল ৪২৫ মিলিয়ন ডলার। চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত ২০০৬-০৭ অর্থ বছরে এটা কমে দাঁড়িয়েছে ২৮৫ মিলিয়ন ডলার।
বিনিয়োগ বোর্ডের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও ভারতের মত বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারেনি। আঙ্কটাড এর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০০৬ অনুযায়ী ২০০৪-০৫ সালে পাকিস্তান ও ভারত দক্ষিণ, পূর্ব ও দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষ ১০টি বিনিয়োগ আকর্ষণকারী দেশের তালিকায় স্থান পেয়েছিল।
২০০৪-০৫ সালে ভারত ৬.৬ বিলিয়ন ডলার এবং পাকিস্তান ২. ২ বিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ পায়। বাংলাদেশে একই সময়ে বিনিয়োগ হয় ৭৭৬ মিলিয়ন ডলার। গত অর্থ বছরে দেশে বিদেশী বিনিয়োগের পরিমাণ ছিল ৬৭৫ মিলিয়ন ডলার।
