বেসরকারিকরণ করতে ৪টি মিল হস্তান্তর করতে যাচ্ছে বিটিএমসি
বেসরকারিকরণের উদ্দেশ্যে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) চারটি মিল প্রাইভেটাইজেশন বোর্ডের কাছে হস্তান্তর করতে যাচ্ছে।
মিলগুলো হচ্ছে নারায়ণগঞ্জে চিত্তরঞ্জন টেক্সটাইল মিল, রাঙামাটি টেক্সটাইল মিল, টাঙ্গাইল টেক্সটাইল মিল এবং মাগুরা টেক্সটাইল মিল।
বিটিএমসি চেয়ারম্যান মো. শরফুল আলম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, করপোরেশন চারটি মিল প্রাইভেটাইজেশন বোর্ডের কাছে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মিলগুলো বেসরকারি উদ্যোক্তাদের কাছে বিক্রি করার জন্য বোর্ডের কাছে হস্তান্তর প্রক্রিয়াও শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, স্বেচ্ছা অবসর কর্মসূচির আওতায় এই চারটি মিলের স্থায়ী কর্মচারীদের অবসর দেওয়া হবে।
তিনি বলেন, “আর্থিক অবস্থা ও পুরানো যন্ত্রপাতির কারণে আমাদের পক্ষে মিলগুলো লাভজনক করা সম্ভব নয়।”
বিটিএমসি সূত্র জানায়, তাদের প্রাইভেটাইজেশন বোর্ড তাদের ১২টি মিল বেসরকারিকরণের জন্য
হস্তান্তরের দাবী জানালে গত ২২ মার্চ বস্ত্র উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে এই চারটি বেসরকারিকরণের ব্যাপারে বিটিএমসি নীতিগত সম্মতি দেয়।
এ ব্যাপারে শরফুল আলম জানান, প্রাইভেটাইজেশন বোর্ডের তালিকাভুক্ত বাকি আটটি মিলের পরিচালনা ব্যয়ের জন্য সরকারের কাছ থেকে কোন আর্থিক সহায়তা নেওয়া হবে না, এই শর্তে সেগুলো বোর্ডের কাছে হস্তান্তর করা হচ্ছে না।
বেসরকারিকরণের উদ্যোগ নেওয়া চারটি মিলের মধ্যে সবচেয়ে পুরানো হচ্ছে নারায়ণগঞ্জের চিত্তরঞ্জন টেক্সটাইল মিল। এটি স্থাপিত হয় ১৯২৮ সালে।
সূত্র জানায়, এই মিলগুলো হস্তান্তর প্রক্রিয়া নিয়ে সোমবার প্রাইভেটাইজেশন বোর্ড কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিটিএমসি ও বোর্ড সদস্যদের মধ্যে আলোচনা হয়।
বর্তমানে এই চারটি মিলসহ বিটিএমসির ১৮টি মিল সার্ভিস চার্যের মাধ্যমে চলছে। বিটিএমসি’র মিলগুলোতে এখন স্থায়ী শ্রমিকের সংখ্যা ১৯২৯ জন।
