২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তেলের দাম বৃদ্ধি বেশি প্রভাব ফেলবে গ্রামের মানুষের ওপর’

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে খাদ্যসামগ্রীসহ পণ্যের মূল্যস্ফীতি বিশেষ করে গ্রামীণ জীবনযাত্রা এবং পরিবহন ব্যয় বেড়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 12:01 AM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সরকার সোমবার থেকে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি সাত টাকা বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে নয় টাকা বাড়ানোয় দাম হয়েছে যথাক্রমে ৬৭ ও ৬৫ টাকা।

এবারই প্রথম দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি তেল ডিজেল ও কেরোসিনের দাম একলাফে সাত টাকা বাড়ানো হল।

তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে সরকারের বাধ্যবাধকতা ছিল উল্লেখ করে অর্থনীতিবিদ আতিউর রহমান বলেন, দাম একলাফে না বাড়িয়ে ধীরে ধীরে বাড়ালে তা জনগণের জন্য ইতিবাচক হতো। এর প্রভাবে নিঃসন্দেহে খাদ্যসহ পণ্যের দাম এবং পরিবহন খরচ বেড়ে যাবে।

তেলের দাম বৃদ্ধি অনুসারে পরিবহন খরচ নির্ধারণের ব্যাপারে সরকারের তদারকির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রায়, বিশেষ করে শিক্ষায় কেরোসিনের বড় ধরনের প্রভাব রয়েছে। তেলের দাম বৃদ্ধির সঙ্গে গ্রামীন জনগোষ্ঠীর জন্য সরকারের সহায়তা কার্যক্রম থাকলে ভালো হতো।

বোরোসহ কৃষির সেচ কাজে ডিজেল বেশি ব্যবহার হওয়ায় উৎপাদন খরচ খুব বেড়ে যাবে বলে অর্থনীতিবিদরা জানান।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা কেন্দ্রের গবেষণা পরিচালক জায়েদ বখত বলেন, ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি সামগ্রিকভাবে গ্রামীন জনগোষ্ঠীর জীবনযাত্রার ওপর বেশি নেতিবাচক প্রভাব ফেলবে। সেচব্যয় ও গ্রামীন পরিবহন বিশেষ করে ডিজেল চালিত নৌ পরিবহন ব্যয় বেড়ে যাবে।

তিনি বলেন, মুদ্রার বিনিময় মূল্য, মূল্যস্ফীতিসহ অন্যান্য প্রভাবকগুলো সরকারের কিছুটা নিয়ন্ত্রনে থাকায় এবং অপ্রয়োজনীয় প্রকল্প ব্যয় হ্রাস করতে পারায় তেলের দাম বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তের পেছনে রাজস্ব আয় বাড়ানোর উদ্দেশ্য যেমন ছিল তেমনি ছিল দাতাদের চাপও।

গ্রামীন জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তা ব্যবস্থা করার দাবী করে জায়েদ বখত বলেন, এতে গ্রামীণ জনগোষ্ঠীর ওপর এই মুল্যবৃদ্ধির চাপ খানিকটা হ্রাস পাবে।

তেলের দাম বাড়ার কারণে সরবরাহ পাম্পগুলোর ব্যবসা আগামী মাসগুলোতে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশন সভাপতি মোহাম্মদ নাজমূল হক বলেন, “তেলের দাম বাড়ার কারণে ডিজেল চালিত পরিবহনগুলোর সিএজি রূপান্তর করা বাড়বে। পাশপাশি ক্রেতারা তেল খরচ কমবে। ফলে আগামী দুই-তিন মাসে আমাদের ব্যবসা ৩০ শতাংশ কমে যেতে পারে।”

সোমবার ঢাকার বিভিন্ন পাম্প স্টেশনগুলো ঘুরে দেখা যায়, প্রতিদিনের মতোই সারাদিন জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক ছিল।

রমনা পেট্রোল পাম্পের তেল বিক্রিকারী রফিকুল ইসলাম বলেন তাদের পাম্পে ডিজেল, অকটেন ও পেট্রোলের বিক্রি অন্যদিনের মতোই আছে।