২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়াম থেকে ৩৫ হাজার ব্যারেল লুব বেইস অয়েল আমদানির সিদ্ধান্ত

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি বেলজিয়াম থেকে ৩৫ হাজার ব্যারেল ‘লুব বেইস অয়েল’ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। এর মূল্য ২৯ কোটি ২১ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 09:43 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বেলজিয়ামের এপি কেমিক্যালস কোম্পানি এই লুব অয়েল সরবরাহের দায়িত্ব পেয়েছে।

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সভাপতিত্বে সোমবার কমিটির সভায় এ ব্যাপারে অনুমোদন দেওয়া হয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এমএ মতিন, শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল উপস্থিত ছিলেন।

সভা শেষে উপদেষ্টা মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের বলেন, দেশে লুব্রিকেন্ট অয়েলের (মবিল) চাহিদা মেটাতে চলতি এপ্রিল মাস থেকেই লুব বেইস অয়েল আমদানি করা হবে।

সভায় কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড-এর (কেপিসিএল) সাথে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চুক্তির মেয়াদ ২০০৮ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ডিসেম্বর মাসে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

এছাড়া বর্তমান সরকারের ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম সভায় নেওয়া ১২ হাজার ৫০০ মেট্রিক টন সার আমদানির সিদ্ধান্ত অবিলম্বের কার্যকর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। ওই পরিমাণ সার আমদানির জন্য আরোপিত শর্তাবলী বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়।

মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় যোগ দেন।