মন্দাভাব কাটিয়ে উঠেছে ঢাকার শেয়ার বাজার
ঢাকা শেয়ার বাজার লেনদেনের মন্দাভাব অনেকটাই কাটিয়ে উঠেছে। প্রবাসী বাংলাদেশীদের প্রথম মিউচুয়াল ফান্ড -- আইসিবি এবং শাহজালাল ইসলামী ব্যাংক এর শেয়ার বুধবার প্রথমবারের মতো বাজারে প্রবেশের ফলে বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার কেনার প্রবণতা বেড়ে যায়। আর এরই প্রভাব পড়ে গত কয়েকদিনের বাজারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাহউদ্দীন আহমেদ খান বলেন, “বাজারে নতুন মূলধনের প্রবেশ বন্ধ রয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে শাহজালাল ব্যাংক এবং আইসিবি মিউচুয়াল ফান্ডের শেয়ার কেনার ব্যাপারে উৎসাহের কারণে ভালোমানের শেয়ারসহ বেশিরভাগ শেয়ারের দাম কমেছে।”
তিনি জানান, আন্তঃশ্রেণীর মধ্যে দাম সমন্বয়ের সুবিধা থাকায় লেনদেনের পরিমাণ বেড়েছে।
মোহাম্মদ তুহিন নামের একজন বিনিয়োগকারী সালাহ উদ্দীন আহমেদের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন,“বেশিরভাগ ব্যাংকেরই শেয়ারের দাম ৩০০ টাকার ওপরে। কাজেই লাভ থাকবে বলেই আমি আশা করছি।” তিনি নিজেও শাহজালাল ব্যাংকের শেয়ার কিনেছেন।
তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মহাব্যবস্থাপক মো. আতিকুজ্জামান বলেছেন, “বাজারে শাহজালাল ব্যাংক এবং আইসিবি মিউচুয়াল ফান্ডের শেয়ারের আগমন সিএসই সূচকে কোন প্রভাব ফেলেনি। আমরা প্রধানত লেনদেন শুরুর পাঁচ দিন পরে একটি নতুন শেয়ার সূচকে অর্ন্তভুক্ত করে থাকি।”
ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ সূচক ৭ দশমিক ৫৬ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ বেড়ে ১ হাজার৭৭০ দশমিক ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসআই বা সার্বিক সূচক দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ০২৩ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৫০৭ দশমিক ৩৫ পয়েন্ট।
ভালোমানের ডিএসই--২০ শেয়ার সূচক ১২ দশমিক ৮৮ পয়েন্ট বা দশমিক ৯১ শতাংশ কমে ১ হাজার ৩৮৮ দশমিক ৬৭ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে দিনশেষে লেনদেনের পরিমাণ ছিল ৯০ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকা। মঙ্গলবার এর পরিমাণ ছিল ৫৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা।
এ ছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিনশেষে ২১ কোটি ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেখানে বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১১ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা।
সব ধরনের শেয়ারেই মন্দাভাব থাকায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক ছিল নিম্নমুখী। তবে সিরামিক খাতের শেয়ারের দাম কিছুটা বেড়েছে।
ডিএসইতে শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম ১৭৮ টাকা থেকে বেড়ে ২৭৮ টাকা হয়েছে। তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ২৯ কোটি ৮২ লাখ ৩০ হাজার টাকা। সিএসইতে ব্যাংকটির শেয়ারের দাম ১৭৯ দশমিক ৫০ ভাগ বেড়ে ২৭৯ টাকা ৫০ পয়সা হয়েছে। এর আগে ১০০ টাকা দামের প্রাথমিক শেয়ার বিক্রির মাধ্যমে শাহাজালাল ব্যাংক ৯৩ কোটি ৫৫ লাখ টাকার মূলধন অর্জন করে।
ডিএসইতে প্রবাসীদের প্রথম মিউচুয়াল ফান্ড আইসিবি শেয়ারের দাম ৩৩৫ দশমিক ৭৫ ভাগ বেড়ে ৪৩৫ টাকা ৭৫ পয়সা হয়। অন্যদিকে সিএসইতে তাদের শেয়ারের দাম ৩৩৯ দশমিক ৫০ ভাগ বেড়ে ৪৩৯ টাকা ৫০ পয়সা হয়। ১০০ টাকার প্রাথমিক শেয়ার বিক্রি করে আইসিবি ১০ কোটি টাকার মূলধন অর্জন করে।
স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম ২ দশমিক ৩৪ ভাগ কমে ৯৫ টাকা ৭০ পয়সা হয়। তারা ৩০ ভাগ নগদ লভ্যাংশ এবং ১৫ ভাগ শেয়ার পিছু লভ্যাংশ ঘোষণা করে।
বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি এবং ইউসিবিএল এর শেয়ারের দাম যথাক্রমে দশমিক ৭২ ভাগ এবং দশমিক ০২ ভাগ কমে ৪৪৪ টাকা ৭৫ পয়সা এবং ১৯০৪ টাকা ২৫ পয়সা হয়।
ডিএসইতে বুধবার দাম বাড়ায় শীর্ষে ছিল আইসিবি মিউচুয়াল ফান্ড, এক্সেলসিওর সুজ এবং ইস্টার্ন লুব্রিকেন্টস। দাম কমার দিক থেকে প্রথম দিকে ছিল গ্রামীন ১ এমএফ, লিবরা ইনফিউশনস এবং ওয়ান ব্যাংক।
ডিএসই--তে দাম বেড়েছে ৪৬ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির শেয়ার।
এ ছাড়া সিএসই--তে দাম বেড়েছে ১২ টি শেয়ারের, কমেছে ৭৫ টির এবং পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।
