২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাহিদা পূরণে চা চাষ বাড়াবে সরকার

দেশের বিপুল চাহিদা পূরণ করতে উত্তরাঞ্চলীয় চারটি জেলায় এ বছরের শেষ নাগাদ চা চাষ শুরু করতে যাচ্ছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 09:04 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

চা রপ্তানিকারী দেশের তালিকায় বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম। রপ্তানি চাহিদা বৃদ্ধির কারণে দেশে চা চাষের প্রচলিত অঞ্চলগুলো ছাড়াও অন্যান্য অঞ্চলে উৎপাদন বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের চা খাত নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মোশারফ হোসেইন বলেছেন, তারা দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী এবং লালমনিরহাটে নতুন চা বাগান চালু করার পরিকল্পনা করেছেন।

অদূর ভবিষ্যতে বোর্ড ময়মনসিংহের পাহাড়ি এলাকায় চা চাষের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে দেশে চা উৎপাদনের পরিমাণ সাড়ে পাঁচ থেকে ছয় কোটি কিলোগ্রাম।

রপ্তানি চাহিদা মেটাতে গিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদায় এর প্রভাব পড়ছে। গত বছর বাংলাদেশ থেকে এক কোটি কিলোগ্রাম চা রপ্তানি হয়েছে। আর দেশে ব্যবহৃত হয়েছে পাঁচ কোটি কিলোগ্রাম।

২০০৫ সালে রপ্তানি হয়েছিল দেড় কোটি কিলোগ্রাম এবং দেশে ব্যবহৃত হয়েছে সাড়ে চার কোটি কিলোগ্রাম। ১৯৯৩ সালে বাংলাদেশ থেকে সর্বোচ্চ তিন কোটি ১৯ লাখ কিলোগ্রাম চা রপ্তানি হয়।

দেশের অভ্যন্তরীণ চাহিদা বছর প্রতি ৩ দশমিক ৫ শতাংশ বাড়লেও উৎপাদন বাড়ছে মাত্র এক শতাংশ হারে।

২০২০ সাল নাগাদ দেশের অভ্যন্তরীণ চাহিদা সাড়ে ছয় কোটি কিলোগ্রামে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চা বোর্ডের এক সমীক্ষায় বলা হয়েছে, স্থানীয় চাহিদা বর্তমান হারে বৃদ্ধি পেলে এবং উৎপাদন বৃদ্ধির হার এর সঙ্গে তাল মেলাতে না পারলে রপ্তানি কমে যাবে। পাশাপাশি স্থানীয় চাহিদা মেটাতে আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে চা আমদানি করতে হবে।

বর্তমানে সিলেট ও চট্টগ্রাম ছাড়াও উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়েও চা চাষ হচ্ছে। এ অঞ্চলটির অবস্থান ভারতে চায়ের জন্য বিখ্যাত দার্জিলিংয়ের কাছে। গত বছর সেখানে উৎপাদন ছিল প্রায় তিন লাখ কিলোগ্রাম। এ ছাড়া খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙ্গামাটি জেলায়ও সীমিত পর্যায়ে চা চাষ হচ্ছে।

বোর্ডের ১৯৯৯ সালের এক সমীক্ষায় বলা হয়েছে, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, নীলফামারী এবং লালমনিরহাটের কমপক্ষে ১৬ হাজার হেক্টর জমিতে চা চাষ করা যাবে। সেই হিসেবে উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে বাড়তি তিন কোটি ২০ লাখ কিলোগ্রাম চা উৎপাদন করা সম্ভব হবে।

মোশারফ হোসেইন bdnews24.com কে বলেছেন, “জমির সঠিক ব্যবহার করতে পারলে আমরা অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পারবো। অবশ্য এটি নির্ভর করবে বেসরকারি উদ্যোক্তাদের এই খাতে ব্যাপক অংশগ্রহণের ওপর।”

তিনি আরও বলেন, উত্তরাঞ্চলের জেলাগুলোর প্রতি হেক্টর জমিতে দুই হাজার কিলোগ্রাম পর্যন্ত চা উৎপাদন করা সম্ভব। অথচ ২০০৬ সালে প্রতি হেক্টর জমিতে চায়ের গড় উৎপাদন ছিল এক হাজার ২৬০ কিলোগ্রাম।