দুর্নীতি বিরোধী অভিযানের রেশ শেয়ার বাজারেও
দুর্নীতির বিরুদ্ধে বড় ধরনের অভিযানের ফলে সন্ত্রস্ত বিনিয়োগকারীরা লভ্যাংশ তুলে নেওয়ায় বৃহস্পতিবার শেয়ার বাজারে দর পতন হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ শেয়ারের মূল্য সূচক আগের দিনের তুলনায় ১১ দশমিক ৪৬ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৪ শতাংশ কমে ১৭৭৮ দশমিক ৫৪ পয়েন্ট হয়েছে।
সার্বিক শেয়ার মূল্য সূচক ১ দশমিক ৬৬ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ কমে হয়েছে ১৫০৭ দশমিক ৩৯ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ বা ডিএসইর ব্লুচিপ শেয়ারের মূল্য সূচক ৪ দশমিক ৯৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৩ শতাংশ কমে দাঁড়ায় ১৪৫৩ দশমিক ৯২ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদ্যুৎ ও প্রকৌশল, চামড়া ও জুতা এবং সেবা ও সম্পত্তি খাত ছাড়া বাকি সব খাতের শেয়ারের দাম কমেছে। বিদ্যুৎ ও জ্বালানি এবং সিরামিক খাতের শেয়ারের পতন হয়েছে সবচেয়ে বেশি।
শেয়ারবাজারে আকস্মিক এই দরপতনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে একটি ব্রোকার হাউসের চেয়ারম্যান ইমতিয়াজ হোসেইন বলেন, “বিনিয়োগকারীরা লভ্যাংশ তুলে নেওয়ায় মূলত বাজার পড়েছে। সরকারের বড় ধরনের অভিযানের ফলে বিনিয়োগকারীদের মধ্যে বেশ উদ্বেগও ছিল। ”
যৌথবাহিনী বুধবার রাতভর অভিযান চালিয়ে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গ্রেপ্তার করে। তারা বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং বিএনপির সাবেক সাংসদ এমএএইচ সেলিমকেও গ্রেপ্তার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্রোকার বলেন, “এ ধরনের অভিযান হতে পারে এটা আমাদের কল্পনাও ছিল না। এটি একটি স্পর্শকাতর বাজার। গ্রেপ্তার অভিযানের কারণে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেশ ছিল। ”
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬৫ কোটি টাকা। আগের দিন এর পরিমাণ ছিল ৬৮ কোটি টাকা।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার লেনদেন হয়ছে প্রায় ১২ কোটি টাকা। আগের দিন সেখানে ১৭ কোটি টাকার লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ এর শেয়ারের দাম ২ দশমিক ৯৯ শতাংশ কমে ৪৬১ টাকা হয়।
লেনদেন তালিকার দ্বিতীয় শীর্ষে থাকা ইস্টার্ন কেবলসের শেয়ারের দাম অবশ্য ৮ দশমিক ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৮৪ দশমিক ৭৫ টাকা।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ৯৯ শতাংশ কমে হয়েছে ৫১৬ দশমিক ৭৫ টাকা হয়েছে। রূপালী ব্যাংকের শেয়ারের দাম শূন্য দশমিক ৮৯ শতাংশ বেড়ে দিন শেষে দাঁড়ায় ২৫৯৭ দশমিক ৫০ টাকা।
বিনিয়োগকারীরা লাভ তুলে নেয়ায় গ্রামীণ-১ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ২ দশমিক ৬৫ শতাংশ কমে ৪৪ টাকা হয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার সবচেয়ে বেশি দাম বেড়েছে বিএসসি, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং এনটিসির শেয়ারের।
অন্যদিকে দাম কমার তালিকায় শীর্ষে ছিল ফাইন ফুডস, ফু ওয়াং গ্রোসারিজ এবং বাংলাদেশ ওয়েল্ডিংয়ের শেয়ার।
ডিএসই এর প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, “সরকারি কোম্পানিগুলোর শেয়ারের দাম এভাবে বাড়ার কোন যুক্তি আছে বলে আমি মনে করি না। বিষয়টি আমাদের খতিয়ে দেখা দরকার ।”
