২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করখেলাপিদের জন্য ১০ বছরের জেলের বিধান হচ্ছে

কর ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফখরুদ্দীন আহমদের সরকার সারা দেশে যে অভিযান শুরু করেছে, তাতে প্রাথমিকভাবে কর ফাঁকি দেওয়ার অভিযোগেই গ্রেপ্তার করা হচ্ছে সন্দেহভাজন দুর্নীতিবাজদের। এদের জন্য কঠোর শাস্তির বিধানও করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2007, 04:58 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

কর্মকর্তারা জানিয়েছেন, আয়কর ফাঁকি দেওয়ার সর্বোচ্চ শাস্তি হিসেবে ১০ বছরের জেলের বিধান চালুর একটি প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর নীতিমালা কমিটির সদস্য আলী আহমেদ বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে বলেন, “কর খেলাপিদের জন্য ১০ বছরের শাস্তির বিধান দিয়ে একটি প্রস্তাব আইন মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে।”

তিনি জানান আইন মন্ত্রণালয়ের মতামত পেলেই প্রস্তাবটি কার্যকর করা হবে।

অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম ইতোমধ্যেই প্রস্তাবটি অনুমোদন করেছেন বলে নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়।

বর্তমানে প্রচলিত আইন অনুসারে কেউ কর ফাঁকি দিলে আদায়যোগ্য করের আড়াইগুণ পর্যন্ত জরিমানা করতে পারে এনবিআর। ১৯৯৪ সালের আয়কর অধ্যাদেশ অনুসারে করখেলাপিদের জন্য কারাদণ্ডের বিধান আছে বটে, কিন্তু সেটা কার্যকর করতে হলে এনবিআরকে ফৌজদারি আদালতে মামলা দায়ের করতে হয়। এই প্রক্রিয়াটি যেমন ঝামেলার, তেমনি সময়সাপেক্ষ।

এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে আদালতে এক হাজার ১২৪ টি মামলা ও আপিলের নিস্পত্তি না হওয়ায় এক হাজার ১৮০ কোটি টাকার আয়কর আদায় করা সম্ভব হচ্ছে না।

এসব কারণে আয়কর বিভাগের কর্মকর্তারা আদালতে যেতে খুব একটা আগ্রহী নন।

প্রস্তাবিত নতুন আইনে এই প্রক্রিয়াটি সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন আলী আহমেদ। এ আইন কার্যকর হলে আয়কর বিভাগ শক্তিশালী হবে বলে মনে করেন তিনি।

এনবিআর চলতি অর্থবছরে ৮ হাজার ৫০০ কোটি টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত অর্থ বছরে আদায় করা ৬ হাজার ৯৬০ কোটি টাকার তুলনায় তা ২১ দশমিক ৬৮ শতাংশ বেশি।