২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসের মধ্যেই ‘মজুদ’ সংজ্ঞায়িত করবে সরকার

মজুদ সম্পর্কে ব্যবসায়ীসহ অন্যদের সন্দেহ দূর করতে আগামী সপ্তাহের মধ্যে ‘মজুদ’ শব্দটিকে সংজ্ঞায়িত করার উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রোববার নফহবংি২৪.পড়স কে একথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

কর্তৃপক্ষ একটি প্রশাসনিক আদেশের মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এর ফলে বর্তমানে অকার্যকর মজুদদারি বিরোধী আইনের পরিবর্তন হবে।

জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে অসাধু ব্যবসায়ী এবং মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করার পর থেকেই  ব্যবসায়ী সমাজ পণ্যের মজুদের সঠিক সংজ্ঞা ও ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়ে আসছিলো। 

ব্যবসায়ীদের একটি মতবিনিময় সভার শেষে রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিম নফহবংি২৪.পড়স কে বলেন,“এ বিষয়ে ২০ মার্চের মধ্যেই একটি প্রশাসনিক আদেশ জারি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি।” তিনি আরও বলেন, “এর জন্য এসপ্তাহে ব্যবসায়ীদের সঙ্গে আরও দুটি বৈঠক হবে।”

বাণিজ্য মন্ত্রণালয়ের সংজ্ঞায় ‘মজুদ’ মানে ইচ্ছাকৃতভাবে পণ্য আটকে রাখা, মজুদ করা, অকারণে পণ্য বাজারে ছাড়ার ব্যাপারে শর্ত আরোপ, পণ্য পরিবহনে, খুচরা ও পাইকারি বিক্রয় ক্ষেত্রে প্রতিবন্ধকতা আরোপ এবং নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির ক্ষেত্রে অন্যায্য বাধা তৈরি।

বৈঠকসূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪, খাদ্যবস্তুর দাম নিয়ন্ত্রণ এবং মজুদদারি বিরোধী আদেশ ১৯৫৩ এবং নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ন্ত্রণ আদেশ ১৯৯১ এর আলোকে ‘মজুদ’কে সংজ্ঞায়িত করা  হবে।

ধান, চাল, গম, চিনি, ভোজ্য তেল, ডাল, রসুন, গুড়াদুধ এবং শিশু খাদ্যের ‘মজুদ’ এর সংজ্ঞা নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন।

মোস্তাকিম বলেন, “কত সময় পর্যন্ত এবং কি পরিমান পণ্য মজুদ করতে পারবেন সে বিষয়ে আদেশটি ব্যবসায়ীদের কাছে একটি নির্দেশণার কাজ করবে।”

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে একজন আমদানিকারক  সর্বোচ্চ ৫ হাজার টন ধান, ৫ হাজার টন চাল, ৬ হাজার টন গম, এক হাজার টন চিনি, এক হাজার টন ভোজ্য তেল, ১০০ টন ডাল, ১০০ টন রসুন, ৫০ টন গুড়াদুধ এবং ৫০ টন শিশু খাদ্যের মজুদ রাখতে পারবে।

পাইকারী বিক্রেতারা সর্বোচ্চ ৫০০ টন ধান, ৫০০ টন চাল, ৫০০ টন গম, ১০০ টন চিনি, ১০০ টন ভোজ্য তেল, ৫০ টন ডাল, ৫০ টন রসুন, ২০ টন গুড়াদুধ এবং ২০ টন শিশু খাদ্যের মজুদ রাখতে পারবে।

একজন খুচরা বিক্রেতা সর্বোচ্চ ১০ টন ধান, ১০ টন চাল, ১০ টন গম, ৫ টন চিনি, ৫ টন ভোজ্য তেল, ৫ টন ডাল, ৫ টন রসুন, ২ টন গুড়াদুধ এবং ২ টন শিশু খাদ্যের মজুদ রাখতে পারবে।

প্রস্তাবের কোনো পর্যায়েই এক মাসের বেশি পণ্য মজুদ রাখা যাবেনা বলেও উল্লেখ করা হয়।

একটি অধ্যাদেশের মাধ্যমে আগামী মাসে চালু হতে যাওয়া প্রস্তাবিত ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইন ২০০৬-এ মজুদ সম্পর্কিত একটি অনুচ্ছেদ যুক্ত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।