বেনামী অভিযোগ তদন্ত করা যায় না : কর ন্যায়পাল
অভিযোগ দায়ের করার পদ্ধতি সম্পর্কে কর প্রদানকারীদের সুষ্ঠু ধারণা না থাকায় কর ন্যায়পালের পক্ষে তাদের অভিযোগ আমলে নেওয়া সম্ভব হয় না।
কর--ন্যায়পাল আইন--২০০৫ সম্পর্কে রাজস্ব প্রদানকারী ব্যবসায়ীদের সুস্পষ্ট ধারণা দেওয়ার উদ্দেশ্যে রোববার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় কর-ন্যায়পাল খায়রুজ্জামান চৌধুরী নিজেই এ কথা বলেন।
তিনি বলেন কর প্রশাসন ব্যবস্থাপনা ও অনিয়ম সংক্রান্ত অভিযোগের ৯০ শতাংশই করা হয় বেনামে। অথচ বেনামী অভিযোগ তদন্তের এক্তিয়ার নেই কর--ন্যায়পালের। আর এ কারণেই অভিযোগ তদন্তে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না।
কর-ন্যায়পাল বলেন, সরাসরি অভিযোগ করার অভ্যাস গড়ে না ওঠায় এখনো বেনামেই বেশিরভাগ অভিযোগ দায়ের হচ্ছে।
ব্যবসায়ীদের কর-ন্যায়পাল আইন-২০০৫ সংস্কার করার দাবির বিরোধীতা করে তিনি বলেন, “ কর-ন্যায়পাল আইন অনুযায়ী কাজ করছে কিনা, তা আমরা আগে দেখতে চাই।”
এফবিসিসিআই সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ এর সভাপতিত্বে সংগঠনের সম্মেলন কক্ষে সভায় বক্তব্য রাখেন বিভিন্ন ব্যবসায়ী সমিতি নেতারা।
ব্যবসায়ীরা কর-ন্যায়পালের দায়িত্বে সহায়তা করার জন্য বেসরকারি খাতের কর বিষয়ক অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার দাবি করেন। এ ছাড়া কর--ন্যায়পাল আইনের ১৭ ধারায় বর্ণিত পরিদর্শন টিম এবং উপদেষ্টা কমিটিতেও বেসরকারি খাতের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
খায়রুজ্জামান চৌধুরী ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, কর--ন্যায়পালের সুপারিশ করার কর্তৃত্ব আছে। কিন্তু বিচার বা আদেশ করার অধিকার নেই।
আয়কর ও কাস্টমস সংক্রান্ত প্রায় ৩০ অভিযোগ তদন্তাধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, এসব অভিযোগের তদন্ত সম্পন্ন করার জন্য আমরা অভিযোগকারীদের থেকে আরো তথ্য চেয়েছি।
প্রসঙ্গত, কর প্রশাসনের ব্যবস্থাপনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং হয়রানি লাঘবের উদ্দেশ্য করদাতাদের অভিযোগ খতিয়ে দেখতে ২০০৫ সালে কর-ন্যায়পাল আইন প্রণয়ন করা হয়। খায়রুজ্জামান চৌধুরী গত বছরের জুলাই মাসে দেশের প্রথম কর ন্যায়পাল হিসেবে নিয়োগ পান।
