দিনের মধ্যভাগে শেয়ার বাজার চাঙ্গা
কয়েকটি সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক এবং ফার্মাসিউটিক্যালস এন্টারপ্রাইজের শেয়ারের চড়া লেনদেনের উপর ভর করে সোমবার দিনের মধ্যভাগে এসে টানা পঞ্চম দিনের মতো শেয়ার বাজার ছিল চাঙা।
মধ্যস্থতাকারী একটি সংস্থার একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ভালো মুনাফা ঘোষনা করবে এ ধরনের পূর্বানুমানের কারণে বাজার আরও চাঙ্গা হচ্ছে। এছাড়া লেনদেনে গত দুই সপ্তাহে বড় ধরনের ধাক্কা খাওয়ায় শেয়ারের দাম কমে গিয়েছিল। আর এতে বিনিয়োগকারীরা শেয়ার কেনার ব্যাপারে আবারও আগ্রহী হয়ে ওঠছেন।
বেলা সাড়ে ১১টায় ডিজিইএন বা ডিএসই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২৭ দশমিক ৩৩ পয়েন্ট বা এক দশমিক ৫৭ শতাংশ বেড়ে এক হাজার ৭৬৫ এ দাঁড়িয়েছে।
অন্যদিকে ডিএসআই বা সার্বিক সূচক ২০ দশমিক ৯৪ পয়েন্ট বা এক দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে এক হাজার ৫০৮ দশমিক ৯৪।
এ সময়ের মধ্যে দাম বেড়েছে ৮৮টি শেয়ারের, কমেছে ২৬টির। দাম অপরিবর্তিত ছিল ৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।
লেনদেন হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। রোববার দিন শেষে এর পরিমাণ ছিল ৫৬ কোটি ১০ লাখ ১২ হাজার টাকা।
সরকারি প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লেনদেনের দিক দিয়ে ছিল শীর্ষে। রোববার প্রতিষ্ঠানটির শেয়ার ৩৩৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হলেও সোমবার দিনের মধ্যভাগে তা ৩৪৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।
এছাড়া দাম বেড়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ারেরও। প্রতিষ্ঠানটির শেয়ার ৪৫১ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৪৫৪ টাকা হয়েছে।
দেশের অন্যতম বেসরকারি ব্যাংক পূবালীর শেয়ার ৫৮৫ টাকা ২৫ পয়সায় লেনদেন হয়েছে। তবে এর আগে রোববার একই শেয়ার ৫৫৮ টাকায় লেনদেন হয়েছিল।
এর আগে পূবালী ব্যাংক শেয়ার হোল্ডারদের প্রতি চারটি শেয়ারের বিপরীতে তিনটি বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে।
সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন কেবলস এর শেয়ার ৬৪৩ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৬৬০ টাকা ২৫ পয়সা হয়েছে।
এছাড়া অন্যতম বৃহৎ ফার্মাসিউটিক্যালস কোম্পানি স্কয়ার ফার্মার শেয়ার দুইহাজার ৩২৭ টাকা থেকে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৬৯ টাকায়। কারণও আছে তার। অচিরেই ঘোষনা করা হবে প্রতিষ্ঠানটির মুনাফা।
