চলতি অর্থবছরের সাত মাসে রপ্তানি আয় ২১ শতাংশ বেড়েছে
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে দেশের রপ্তানি আয় ২১ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ৭ শ কোটি ডলারে দাঁড়িয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য জানায়।
মূলত তৈরি পোশাক খাত ও হিমায়িত খাদ্য রপ্তানিতে আয়ের উচ্চ প্রবৃদ্ধি মোট রপ্তানি আয় বাড়ার ওপর এই ইতিবাচক প্রভাব রেখেছে।
তবে ইপিবি জানায়, চলতি অর্থবছরের জানুয়ারি মাসে নিটওয়্যার রপ্তানি প্রবৃদ্ধি কমে যাওয়ায় সামগ্রিক রপ্তানি প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। চলতি অর্থবছরের জুলাই--ডিসেম্বর সময়ে এই নিটওয়্যারে রপ্তানির প্রবৃদ্ধি ছিল ২৬ শতাংশ।
অন্যদিকে, তৈরি পোশাক খাতে চলতি অর্থ বছরের জুলাই--জানুয়ারি সময়ে গত বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ১৯ দশমিক ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬৯৮ মিলিয়ন ডলার।
এ সময়ে নিট পণ্যসামগ্রীর রপ্তানি আয় ২৬ শতাংশ বেড়ে ২৬৩৬ মিলিয়ন ডলার এবং হিমায়িত খাদ্য ২০ শতাংশ বেড়ে ৩৩১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি সভাপতি ফজলুল হক বলেন, দেশের সামগ্রিক অবস্থার বিবেচনায় জানুয়ারি মাসের নিট পণ্যের রপ্তানির প্রবৃদ্ধি সন্তোষজনক।
তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকটের কারণে আমরা কম অর্ডার পেয়েছি, এ বছরের প্রথম তিন মাসেও নিটওয়ার রপ্তানি হ্রাস পাবে।
চা, পাট পণ্য এবং ইলেক্টট্রনিক পণ্য ছাড়া সব পণ্যের রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে।
হোম টেক্সটাইল রপ্তানি ৬০ শতাংশ বেড়ে ১৫১ মিলিয়ন ডলার এবং জুতার রপ্তানি ৩০ শতাংশ বেড়ে ৭৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
নিটপণ্য, চামড়া, কাচা পাট কৃষিজ পণ্য এবং অন্যান্য শিল্পজাত পণ্যের রপ্তানির আয় গত অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেলেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
এ সময়ে সব রপ্তানি পণ্যের পরিমাণ সুচক ২১ শতাংশ বাড়লেও মূল্য সুচক বেড়েছে মাত্র দশমিক ২৯ শতাংশ।
