২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ থেকে ‘ফরমালিন’ পরীক্ষা না করে কোন মাছ ছাড়া হবে না

টেকনাফ স্থল বন্দর থেকে ‘ফরমালিন’ পরীক্ষা না করে মিয়ানমার থেকে আমদানি করা কোনো মাছের ছাড়পত্র দেওয়া হবে না। শুক্রবার থেকে এ নিয়ম কার্যকর হতে যাচ্ছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতিতে টেস্ট কিট দিয়ে টেকনাফ স্থল বন্দরে মিয়ানমার থেকে আসা মাছে ফরমালিন মেশানো হয়েছে কিনা তা পরীক্ষা করা হবে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এসএম জহুরুল ইসলাম বৃহস্পতিবার কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে উচ্চ পর্যায়ের এক মতবিনিময় সভায় এই নির্দেশ দেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আড়াই ঘন্টার এই সভায় আরও উপস্থিত ছিলেন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান, ফিস এন্ড ফ্রিজার্স ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক ও ম্যাজিস্ট্রেট রোকন উদ দৌলা।

এছাড়াও বাংলাদেশ মৎস্য গবেষণা ই্নস্টিটিউট, যৌথ বাহিনী, জেলা মৎস্য কর্মকর্তা, টেকনাফ বন্দর, কাস্টমস, আমদানিকারকসহ নানা পেশার প্রতিনিধি এই সভায় উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ মতামত ছাড়াও নানা পেশার মানুষের মতামতের ভিত্তিতে বেশকিছু সুপারিশ গ্রহণ করা হয়।  আগামী রোববার ঢাকায় সরকারের মৎস্য উপদেষ্টার উপস্থিতিতে অনুষ্ঠেয় সিদ্ধান্তমূলক সভায় তা উপস্থাপন করা হবে।

এসব সুপারিশমালার মধ্যে রয়েছে টেকনাফ স্থল বন্দরে ফরমালিনসহ বিভিন্ন কেমিক্যাল মেশানো হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি পূর্ণাঙ্গ ল্যাবরেটরি স্থাপন, মিয়ানমার থেকে মাছ আমদানির ব্যাপারে ডাটাবেইজ সিস্টেম চালু করা, কোন পয়েন্টে ফরমালিন মেশানো হচ্ছে তা চিহ্নিত করা, লাইসেন্সিং সিস্টেম চালু করা, টাটকা খাদ্য ব্যবসায়ীদের ভর্তুকি দেওয়া, অবৈধ পথে মাছ আমদানি বন্ধ করা, ল্যাবরেটরি স্থাপনের পাশাপাশি সৎ কর্মকর্তা নিয়োগ করা ইত্যাদি।

বক্তারা অবশ্য বলেন, মিয়ানমার থেকে আমদানি করা মাছে কখনোই ফরমালিন মেশানো হয়নি এবং ফরমালিন মেশানোর প্রয়োজনও এখানে নেই। তারা জানান, এখানে বরফ দিয়ে মাছ সংরক্ষণ করা হয়।

কক্সবাজার মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদাত হোসেন জানান, তারা টেকনাফ বন্দর দিয়ে মিয়ানমার থেকে আমদানি করা মাছে পরীক্ষা চালিয়ে কোন ফরমালিন পাননি।

তিনি বলেন, যে নিয়মে মিয়ানমার থেকে মাছ আসছে তাতে ফরমালিন মেশানোর কোন প্রয়োজন হয় না। তার মতে, টেকনাফ পয়েন্টে নয়, টেকনাফ থেকে দেশের বিভিন্ন খোলা বাজারে যাওয়ার আগ পর্যন্ত যে পয়েন্টগুলো রয়েছে তার কোনটাতে এই ফরমালিন মেশানো হতে পারে।

তবে মৎস্য ও পশু মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমান বলেন, এই মুহূর্তে কাউকেই এরজন্য চিহ্নিত করা হচ্ছে না, আবার কাউকে নির্দোষও ভাবা হচ্ছে না। প্রতিটি পয়েন্টে পয়েন্টেই তদন্ত করা দরকার।