২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ চলাচল ও বাণিজ্য চুক্তি দীর্ঘমেয়াদে নবায়ন চায় ভারত

বাংলাদেশ--ভারত নৌ চলাচল ও বাণিজ্য চুক্তি একবারে পাঁচ বছরের জন্য নবায়ন করতে চায় ভারত। তবে আগামী মাসে শেষ হতে যাওয়া চুক্তিটি এক মেয়াদে এত দীর্ঘ সময়ের জন্য নবায়নের পক্ষপাতি নয় বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 04:03 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

দীর্ঘ সাত বছর পর মার্চ মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইডব্লিউটিএন্ডটি প্রটোকল পর্যালোচনা বৈঠক।

পররাষ্ট্র ও নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী দুদেশের মধ্যে সচিব পর্যায়ের এ বৈঠকে আইডব্লিউটিএন্ডটি প্রটোকল পর্যালোচনার পাশাপাশি স্থল বন্দর উন্নয়ন, সমন্বিত চেকপোস্ট স্থাপন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা মঙ্গলবার নফহবংি২৪.পড়স -কে জানান, ভারতের পক্ষ থেকে ৮ মার্চ বৈঠক করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ অপারগতা প্রকাশ করায় শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়।

তিনি বলেন, “মূলত প্রস্তুতির কারণে ভারতের দেওয়া তারিখে বৈঠকটি করছি না। তবে মার্চের শেষ সপ্তাহে এটি অনুষ্ঠিত হবে।”

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগামী মাসে শেষ হতে যাওয়া চুক্তিটি ভারত দীর্ঘ মেয়াদে নবায়ন করতে আগ্রহী। যদিও বাংলাদেশ এত দীর্ঘমেয়াদে চুক্তিটি নবায়নের পক্ষপাতী নয়।

তিনি জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আওতাধীন আইডব্লিউটিএন্ডটি প্রটোকলটি বর্তমানে এক থেকে সর্বোচ্চ তিন মাস মেয়াদে নবায়ন করা হয়।

মার্চের শেষ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় নৌ সচিবদের বৈঠকে আইডব্লিউটিএন্ডটি প্রটোকলে আশুগঞ্জকে ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত করা, দুদেশের নৌপথে কন্টেইনার চালু, স্থলবন্দরগুলোর উন্নয়ন এবং সমন্বিত চেক পোস্ট স্থাপনের ব্যাপারে আলোচনা হবে।

সূত্র জানায়, আইডব্লিউটিএন্ডটি প্রটোকলে আশুগঞ্জকে ট্রানজিট পয়েন্ট হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া রয়েছে। আশুগঞ্জকে ট্রানজিট করার প্রস্তাবে বলা হয়েছে, হলদিয়া--কলকাতা নৌপথ হয়ে আগরতলায় ট্রাকে পণ্য পরিবহণের ক্ষেত্রে এটি হচ্ছে সবচেয়ে সুবিধাজনক স্থান।

নৌপথে কন্টেইনার চালুর বিষয়টি যাচাই করে দেখতে ২০০৫ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলকভাবে হলদিয়া ও নারায়ণগঞ্জ রুটে বার্জের মাধ্যমে কন্টেইনার পরিচালনা করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশের পক্ষ থেকে নারায়ণগঞ্জের খানপুরে বিওটি ভিত্তিতে একটি অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল(আইসিটি) নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত আইডব্লিউটিএন্ডটি প্রটোকলের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ওই প্রস্তাব দেওয়া হয়। এদিকে ভারত সীমান্তবর্তী ১২টি স্থলবন্দর উন্নয়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এগুলো হচ্ছে, বেনাপোল, সোনা মসজিদ, হিলি, বাংলাবান্ধা, বিবিরবাজার, বিরল, বুড়িমারি, তামাবিল, আখাউড়া, হালুয়াঘাট, দর্শনা এবং ভোমরা স্থলবন্দর।

অন্যদিকে পেট্রাপোল, হিলি, চেংড়াবান্ধা, ডাউকি, সুতারকান্দি, আগরতলা এবং ডেমাগিরি এ সাতটি স্থানে সমন্বিত চেক পোস্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত।