চাঙ্গা হয়ে উঠছে শেয়ার বাজার
গত কয়েকদিনের মন্দাভাব কাটিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ পুনরায় গতি ফিরে পেয়েছে। বাজারে ফিরে এসেছে চাঙ্গাভাব। মঙ্গলবার দিনের মধ্যভাগে এসে বিদ্যুৎ কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও ব্যাংকের শেয়ার লেনদেনের হারও বেড়েছে অনেকটা।
এদিকে, ঢাকা ও সিলেট থেকে চট্টগ্রাম এক্সচেঞ্জের লেনদেন শুরু হয়েছে। সিএসই কর্তৃপক্ষ এক্সচেঞ্জের ঢাকা ও সিলেটের সদস্যদের জন্য শুরু করেছে ডায়ালআপ সিস্টেম।
এর আগে সোমবারের কারওয়ান বাজারে বিএসইসি ভবনে আগুনের প্রভাব পড়ে শেয়ার বাজারে। সেদিন সেখানে বড় ধরনের দরপতন ঘটে।
বিএসইসি ভবনে দুটি বেসরকারি টেলিভিশন, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ঢাকা কার্যালয় এবং আরও কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকার কারণে ঢাকা ও সিলেট থেকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্বয়ংক্রিয় লেনদেনও হয়ে যায় বন্ধ। ওই অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয় এবং ছয়জন হয় আহত।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সহকারী পরিচালক (করপোরেট ডেভলপমেন্ট) শাহরোজ আলম নফহবংি২৪.পড়স কে বলেন, আমরা ঢাকা ও সিলেটে লেনদেনের সুবিধার্থে ডায়ালআপ সিস্টেম চালু করেছি।
বেলা ১২টার দিকে ঢাকা শেয়ার বাজারে সাধারণ শেয়ার মূল্য সূচকের হার ৪৩ দশমিক ১৬ পয়েন্ট বা দুই দশমিক ৪৭ শতাংশ বেড়ে একহাজার ৭৭৭ দশমিক ১৪ হয়েছে। এছাড়া সার্বিক মূল্য সূচকও বেড়েছে অনেকটা। যোগ হয়েছে ৩৬ দশমিক ৯২ পয়েন্ট বা দুই দশমিক ৫৪ শতাংশ। ফলে বর্তমানে সূচক অবস্থান করছে একহাজার ৪৮৬ দশমিক ২২ এ।
এ সময়ের মধ্যে এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৩৩ লাখ টাকা। এর আগে গত সোমবার দিনশেষে লেনদেনের পরিমান ছিল ৮৫ কোটি ৯৫ লাখ ৮০ হাজার।
ডিএসইতে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টির শেয়ার।
দিনের মধ্যভাগে লেনদেনের দিক দিয়ে পাওয়ার গ্রিড কোম্পানি ছিল শীর্ষে। পরেই রয়েছে ডেসকো এবং ব্র্যাক ব্যাংক। এছাড়া ইউসিবিএল, গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ড এবং এআইএমএস-১ মিউচ্যুয়াল ফান্ডের অবস্থান ছিল ব্র্যাক ব্যাংকের পরপরই।
বেলা পৌনে বারোটায় পাওয়ার গ্রিডের শেয়ার ৪৪২টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ৪৭২টাকায় কেনা--বেচা হয়েছে। ডেসকোর শেয়ার প্রতি বেড়েছে ৫০ টাকারও বেশি। বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩ টাকা ৫০ পয়সা থেকে ৬৮৩ টাকা। এছাড়া ইউসিবিএল এর শেয়ার একহাজার ৬৫৩ টাকা ২৫ পয়সা থেকে একহাজার ৮১৩ টাকা হয়েছে।
শাহজালাল ব্যাংক প্রাইমারী শেয়ার থেকে বড় অংকের লভ্যাংশ তুলে নেওয়ার পর গ্রামীণ-১ মিউচ্যুয়াল ফান্ড ও এআইএমএস--১ মিউচ্যুয়াল ফান্ডের দামও বাড়ছে।
