২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএর নির্বাচন হচ্ছে শান্তিপূর্ণভাবে

তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ - এর দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদের নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2007, 03:28 AM

Updated : 26 Apr 2022, 02:04 PM

নির্বাচন পরিচালনা বোর্ড এর চেয়ারম্যান লেঃ কর্নেল (অব.) আনিসুজ্জামান জানান, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে।

বিজিএমইএর নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারে ছবিসহ প্রার্থীর নাম এবং কম্পিউটারভিত্তিক ভোট গণনা পদ্ধতির কথা জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে যে বিভিন্ন ধরনের কথা হচ্ছে এ নির্বাচন তাতে উদাহরণ হতে পারে।

নির্ধারিত সময় রোববার সকাল ৮টা থেকে ভোট নেওয়া শুরু হয়। সাড়ে ১১টার দিকে ভোটারদের ভিড় বাড়তে থাকে এবং ১টার দিকে ভোটার লাইনে জট লেগে যায়।

চার বছর পর ষষ্ঠবারের মতো রোববার সরাসরি অনুষ্ঠিত হচ্ছে এ ভোট। ঢাকা ও চট্টগ্রামে পোশাক মালিকরা রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট দিয়ে সংগঠনের ২৭ জন পরিচালক নির্বাচিত করবেন।

২০০৭-- ০৮ দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচনে সাবেক সভাপতি টিপু মুনশির নেতৃত্বে সম্মিলিত পরিষদ এবং সাবেক সহ সভাপতি আনোয়ার পারভেজ চৌধুরীর নেতৃত্বে ফোরাম প্যানেল নামে দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজিএমইএ সূত্র জানায়, গত দুই মেয়াদে বিজিএমইএ  নির্বাচনে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়নি। এর আগে পাঁচবার সরাসরি ভোটের মধ্যে চারবার সম্মিলিত পরিষদ এবং একবার ফোরাম নেতা আনিসুর রহমান সিন্হাসহ যৌথ প্যানেল বিজয়ী হয়।

বোর্ড জানায়, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৪১১ জন। এদের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৯৬ জন এবং চট্টগ্রামে ভোটার ৫১৫ জন।

পোশাক মালিকরা জানান, নির্বাচনে অতীতের পরীক্ষিত নেতাদেরই বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া উভয় প্যানেলের পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল হওয়ায় তীব্র প্রতিযোগিতা হবে বলেই আশা করা হচ্ছে।