বিজিএমইএ নির্বাচন রোববার, তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা
পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ -- এর পরিচালনা পর্ষদ গঠনে চার বছর পর ষষ্ঠবারের মতো আগামী ২৫ ফেব্র“য়ারি রোববার সরাসরি ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার শেষ হয়েছে অংশগ্রহণকারি দুটি প্যানেলের নির্বাচনের প্রচারণা।
নির্বাচন পরিচালনা বোর্ড এর চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আনিসুজ্জামান নফহবংি২৪.পড়স কে জানান, নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্তুতি প্রায় শেষ। এরই মধ্যে অধিকাংশ ভোটার তার পরিচয়পত্র সংগ্রহ করেছেন।
তিনি জানান, কম্পিউটারে ভোট গণনার কারণে নির্বাচনের দিনেই ভোটের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
ঢাকা ও চট্টগ্রামে পোশাক মালিকরা রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট দিয়ে সংগঠনের ২৭ জন পরিচালক নির্বাচিত করবেন।
বোর্ড জানিয়েছে, এবারের নির্বাচনে ছবিসহ ভোটার পরিচয়পত্র, প্রার্থীদের ছবিসহ ব্যালট পেপার এবং কম্পিউটারে ভোট গণনা করা হবে।
২০০৭-- ০৮ দুই বছর মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচনে সাবেক সভাপতি টিপু মুনশির নেতৃত্বে সম্মিলিত পরিষদ এবং সাবেক সহ সভাপতি আনোয়ার পারভেজ চৌধুরীর নেতৃত্বে ফোরাম প্যানেল নামে দুটি প্যানেলে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিজিএমইএ সূত্র জানায়, গত দুই মেয়াদে বিজিএমইএ নির্বাচনে সরাসরি ভোট অনুষ্ঠিত হয়নি। এর আগে পাঁচবার সরাসরি ভোটের মধ্যে চারবার সম্মিলিত পরিষদ এবং একবার ফোরাম নেতা আনিসুর রহমান সিন্হাসহ যৌথ প্যানেল বিজয়ী হয়।
সূত্রটি আরও জানায়, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো সমস্যা নেই। গত দুটি নির্বাচনে যৌথভাবে প্রার্থী পরিচিতি সভা করলেও অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এবার তা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পরিবর্তে ‘ফোরাম প্যানেল’ বুধবার সোনারগাঁও হোটেলে এবং বৃহস্পতিবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলেন কেন্দ্রে সম্মিলিত পরিষদের উদ্যোগে এককভাবে পরিচিতি সভার আয়োজন করে।
সভায় সাবেক সভাপতি বিজিএমইএ সভাপতি আনিসুর রহমান সিন্হা, আনিসুল হক এবং আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না পোশাক মালিকদের সঙ্গে ফোরাম প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
অন্যদিকে সভাপতি বিজিএমইএ সভাপতি রেদওয়ান আহমেদ, কাজী মনিরুজ্জামান, কুতুবউদ্দিন আহমেদ এবং গোলাম মোস্তফা সম্মিলিত পরিষদ প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
নির্বাচন বোর্ড সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৪১১ জন। এদের মধ্যে ঢাকায় ১ হাজার ৮৯৬ জন এবং চট্টগ্রামে ভোটার ৫১৫ জন।
বিজিএমইএ এর বর্তমান পরিচালক আব্দুস সালাম মুর্শেদী নফহবংি২৪.পড়স কে বলেন, “চার বছর পর এবারের সরাসরি নির্বাচন হওয়ায় দুই প্যানেলের প্রার্থীদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করছি।”
তিনি বলেন, “অতীতের ধারাবাহিকতায় আমরাই সিংহভাগ আসনে বিজয়ী হবো।”
পোশাক মালিকরা জানান, নির্বাচনে অতীতের পরীক্ষিত নেতাদেরই বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া উভয় প্যানেলের পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীদের জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল হওয়ায় তীব্র প্রতিযোগিতা হবে বলেই আশা করা হচ্ছে।
