চাঁপাইনবাবগঞ্জে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করায় মামলা
চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে সাধারণ চাল আমদানির ঘোষণা দিয়ে পলিথিন ও উন্নত চাল আমদানি করায় আমদানিকৃত পণ্য আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সেইসঙ্গে আমদানিকারক সিএন্ডএফ এজেন্ট এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সেলিনা এন্টার প্রাইজের ৩০ মেট্রিক টন চাল সোমবার বিকেলে ভারত থেকে সোনামসজিদ স্থল বন্দরে এসে পৌঁছে।
বন্দর কর্তৃপক্ষ দেখতে পায় সাধারণ চাল আমদানির ঘোষণা দিয়ে বাঁশমতি চাল ও এর মধ্যে ১৩টি বস্তায় ছয় হাজার পলিথিন ব্যাগ আনা হয়েছে। মিথ্যা ঘোষণা দিয়ে এগুলো আমদানির অপরাধে বন্দর কর্তৃপক্ষ তা আটক করে।
মঙ্গলবার সকালে আমদানিকারক প্রতিষ্ঠান সেলিনা এন্টারপ্রাইজ ও সিএন্ডএফ এজেন্ট সবুজ এন্টারপ্রাইজের বিরুদ্ধে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির অভিযোগে কাস্টমস কর্তৃপক্ষ মামলা দায়ের করে।
এ ব্যাপারে সোনামসজিদ স্থল বন্দর কাস্টমস এর সহকারী কমিশনার আবু খালেদ মো. হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো কথা বলতে চাননি।
