দেশের প্রথম গার্মেন্ট শিল্প পার্ক হচ্ছে মুন্সিগঞ্জে
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়ায় নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম গার্মেন্ট শিল্প পার্ক।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (বিসিক) ও বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) রোববার এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।
প্রায় ৩০০ একর আয়তনের এই শিল্প পার্কটি স্থাপনের কাজ শেষ হবে ২০০৯ সালের জুনের মাসের মধ্যে। ৩৯০টি শিল্প ইউনিটের এ প্রকল্পের জন্য ব্যয় হবে ৩১০ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংক ১৮৬ কোটি টাকা দেবে এবং বাকি অর্থের যোগান দেবে সরকার।
বিজিএমইএ সভাপতি এসএম ফজুলল হক ও বিসিক চেয়ারম্যান এসআর ওসমানী রোববার নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ উপলক্ষে সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার ও সমবায় উপদেষ্টা আনোয়ার ইকবাল বলেন, “এ শিল্প পার্ক সার্বিক অর্থেই বাংলাদেশের পোশাক শিল্পখাতের উদ্যোক্তাদের অবকাঠামোগত চাহিদার একটি বড় অংশ পূরণে সক্ষম হবে।”
