শেয়ার বাজারে অনিশ্চয়তা, লেনদেন কম
কালো টাকার মালিকদের সম্পর্কে যৌথবাহিনী তথ্য সংগ্রহ শুরু করায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টির পাশাপাশি লভ্যাংশ তুলে নেওয়ার প্রবণতার কারণে রোববার শেয়ার বাজার চলতি মাসে রেকর্ড পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়।
দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ১০৬ কোটি টাকায় নেমে আসে। বৃহস্পতিবার এর পরিমাণ ছিল ১৩১ কোটি টাকা। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয় ২৩ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা বৃহস্পতিবার যার পরিমাণ ছিল ২৭ কোটি ৫৯ লাখ ১০ হাজার।
এ প্রসঙ্গে এইমস বাংলাদেশের নির্বাহী ইওয়ার সাইদ বলেন, “বাজারে কিছু শেয়ারের দারুণ লেনদেনের পর মূলধনের পরিমাণ বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ তুলে নেওয়ার প্রবণতা দেখা গেছে।”
কালো টাকার মালিকদের সম্পর্কে যৌথবাহিনীর তথ্য সংগ্রহের কারণে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়া সৃষ্টি হয় বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ডিএসইর বাইরে যৌথবাহিনীর একটি টহলদার যান থামার পর বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দিন শেষে ডিজিইএন বা ডিএসইর সাধারণ সূচক ৪৮ দশমিক ৭২ পয়েন্ট বা ২ দশমিক ৬৩ শতাংশ কমে হয়েছে ১,৮০২ দশমিক ৯৮ পয়েন্ট।
ডিএসআই বা সার্বিক সূচক ৪১ দশমিক ৬০ পয়েন্ট বা ২ দশমিক ৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৪৭৪ দশমিক ০৬ পয়েন্ট।
ভালো মানের ডিএসই - ২০ শেয়ার সূচক ১৮ দশমিক ৮১ পয়েন্ট বা এক দশমিক ২৬ শতাংশ কমে হয়েছে ১,৪৬৫ দশমিক ৪৮ পয়েন্ট।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন দালাল জানান, “যেকোনো বিনিয়োগকারীর কাছে এ ধরনের অনুপ্রবেশ অপ্রত্যাশিত। যদি তথ্য প্রয়োজন হয় তাহলে তাদের (যৌথবাহিনী) উচিত নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করা।”
কয়েকটি মার্চেন্ট ব্যাংকের ঋণ ভারসাম্যকরণের কারণেও শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়ে বলে তিনি জানান।
সিএসইতে প্রকৌশল, বিদ্যুৎ, চামড়া ও জুতা শিল্পের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়ে। দাম কমে জ্বালানি, সেবা, আবাসন, তথ্যপ্রযুক্তি ও সিমেন্ট শিল্পের প্রতিষ্ঠানগুলোর। জ্বালানি খাতে লোকসানের পরিমাণ দাঁড়ায় ৭ দশমিক ৫২ শতাংশ।
সিএসইরও সবকটি শেয়ার সূচকে পতন ঘটে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) ও ডেসকোর শেয়ারের দাম যথাক্রমে ৭ দশমিক ৩৭ ও ৯ দশমিক ৫২ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ৪৬৪ টাকা ৭৫ পয়সা ও ৬২৪ টাকা ৫০ পয়সা হয়।
লেনদেনের শীর্ষে ছিল পিজিসিবি ও পঞ্চম অবস্থানে ছিল ডেসকো।
লেনদেনের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৫ দশমিক ২৬ শতাংশ কমে ৫৭৫ টাকা ৫০ পয়সা হয়।
লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় ও চতুর্থ অবস্থানে ছিল গ্রামীণ ১ মিউচুয়াল ফান্ড ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড। তাদের শেয়ারের মূল্য যথাক্রমে ৪ দশমিক ৪৮ শতাংশ ও ৫ দশমিক ২৬ শতাংশ কমে যথাক্রমে ৫১ টাকা ১০ পয়সা এবং ৫ টাকা ৪ পয়সা হয়।
গ্রামীণ ১ ফেব্র“য়ারি মাসের জন্য অভিহিত মূল্য ১০ টাকার বিপরীতে লভ্যাংশসহ তাদের প্রতিটি শেয়ারের মূল্য ১৫ টাকা ০৯ পয়সা বলে উল্লেখ করে। এইমস অভিহিত মূল্য ১ টাকার বিপরীতে তাদের প্রতি শেয়ারের মূল্য দেখায় লভ্যাংশসহ ১ দশমিক ৫৮ টাকা।
এজিএম সংক্রান্ত মামলা মিটে যাওয়ায় ইউসিবিএল’র শেয়ারের দাম হয় ২ দশমিক ১৬ শতাংশ বেড়ে ১৭৯৩ টাকা ৫০ পয়সা।
বাংলাদেশ ওয়েল্ডিং ছিল লাভবানদের কাতারে শীর্ষে। এরপরই ছিল ইস্টার্ন কেবলস ও ইস্টার্ন লুব্রিকেন্টস। পাওয়ার গ্রিড, বেক্সিমকো ও চট্টগ্রাম ভেজিটেবলস ছিল ক্ষতিগ্রস্তদের তালিকায় প্রধান।
রোববার ডিএসইর ৩১টি শেয়ারের দাম বাড়ে, ১৫১টির কমে এবং ১৪টির দর ছিল অপরিবর্তিত।
অন্যদিকে, সিএসইর ১৬টি শেয়ারের দর বাড়ে, ৮১টির কমে এবং ৫টির দর ছিল অপরিবর্তিত।
