২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ আদেশে শেয়ার বাজারে অস্থিরতা

সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়ন্ত্রণ আদেশের ফলে এ সপ্তাহে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মধ্যে বাড়তি সতর্কতা দেখা গেছে। জানাচ্ছেন নফহবংি২৪.পড়স প্রতিবেদক সোহেল পারভেজ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 08:00 PM

Updated : 26 Apr 2022, 02:03 PM

অস্থির একটি সপ্তাহ পার করেছে শেয়ার বাজার। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়ন্ত্রণ আদেশের ফলে এ সময় বাড়তি সতর্কতা দেখা গেছে বিনিয়োগকারীদের মধ্যে।

শেয়ারের দাম স্বাভাবিক রাখতে এসইসি পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের ক্ষেত্রে সাধারণ লেনদেনের পরিবর্তে স্পট মার্কেটের মাধ্যমে লেনদেনের নির্দেশ দেওয়ায় বাজারে কিছুটা অস্থিরতা তৈরি হয়।

লেনদেনের পরিমাণ ২৪ দশমিক ৩০ শতাংশ কমে যাওয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হয়েছে ৫৩৪ কোটি টাকা। এর আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৭০৬ কোটি টাকা।

অন্যদিকে, ভালো মানের ডিএসই - ২০ ব্লুচিপ শেয়ারের দাম আগের চেয়ে ১৫ দশমিক ৮৩ পয়েন্ট বা ১ দশমিক ০৬ শতাংশ কমে ১৪৮৪ দশমিক ২৯ পয়েন্ট হয়েছে।

ডিএসই সাধারণ মূল্যসূচকের ক্ষেত্রে ‘এ’ ও ‘বি’ শ্রেণীর শেয়ারের সামান্য দরপতন হয়েছে। তবে সার্বিক মূল্যসূচক (‘এ’, ‘বি’, ‘জি’, ‘এন’ ও ‘জেড’ শ্রেণীর শেয়ার) এক সপ্তাহ আগের তুলনায় ১৭ দশমিক ১৫ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ বেড়ে ১৫১৭ দশমিক ৬৭ পয়েন্ট হয়।

এসইসি চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী নফহবংি২৪.পড়স কে জানান, “পাঁচ প্রতিষ্ঠানের শেয়ারের দর ওঠানামার কারণে সাধারণ বাজারে ওইসব শেয়ারের লেনদেন বন্ধ করতে হয়েছে। শেয়ারের দাম ঠিক থাকলে আমরা এমন সিদ্ধান্ত নিতাম না।”

গত মাসের মাঝামাঝি সময় থেকে বিভিন্ন সম্ভাবনা ও গুঞ্জনের কারণে ব্র্যাক ব্যাংক, ডেসকো, ইস্টার্ন কেবলস্, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ (পিসিজিবি) ও সামিট পাওয়ারের শেয়ারের দাম বেড়ে যায়। এজন্য শেয়ার বাজার স্বাভাবিক রাখতে এসইসি ওই প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেয় স্পট মার্কেটে লেনদেনের জন্য। 

১২ ফেব্র“য়ারি থেকে এ আদেশ কার্যকর হওয়ার পর থেকেই পড়তির দিকে শেয়ার বাজার।

ফেব্র“য়ারির ১৫ তারিখ এই পাঁচটি প্রতিষ্ঠানের দখলে ছিল ডিএসইর ১০ শতাংশ বাজার। তাদের মূলধনের পরিমাণ ছিল ৩৮ হাজার ৪০৬ কোটি ৯০ লাখ টাকা।

ওইদিন ডিএসইর মোট মূলধন দাঁড়ায় ৪ লাখ ১৬ হাজার ১৫৪ কোটি ৫০ লাখ টাকায়।

ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, “এসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম নির্দিষ্ট সীমা পর্যন্ত ঠিক করা হয়েছে এবং এর ফলে বাজারে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। এই পদক্ষেপের মাধ্যমে আমরা যা বোঝাতে চাই বিনিয়োগকারীরা সেটি বুঝতে পেরেছেন বলে মনে হচ্ছে।”

এই ‘মূল্য সঠিককরণ’ বেশ কিছু ক্ষুদ্র বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, “এসইসির হস্তক্ষেপের কারণে আমাদের যথেষ্ট ক্ষতির মুখে পড়তে হয়েছে।” 

এ ব্যাপারে এসইসি চেয়ারম্যান বলেন, “বারবার সতর্ক করা হলেও তারা থামেননি। আমার মনে হয়, সতর্কবার্তা পাঠানোর ফলে আগামী সপ্তাহ থেকে শেয়ার বাজার আরও নিয়ন্ত্রিত আচরণ করবে।”

এইমস অফ বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাঈদ অবশ্য বলেন, এসইসির এ ধরনের পদক্ষেপ প্রশ্নের মুখে পড়তে পারে। তবে এটা ঠিক, এসব প্রতিষ্ঠান, বিশেষত বিদ্যুৎ খাতের শেয়ারের দাম অবকাঠামোর তুলনায় অতিরিক্ত।

সাঈদ জানান, এসইসির নির্দেশনা শেয়ারের দাম ও লেনদেনের ওপর প্রভাব ফেলেছে। তিনি বলেন, “বাজার এখন মূলত পুনর্গঠিত হচ্ছে। দেখা যাক আগামী কয়েক দিনে বাজার কীভাবে এ ধাক্কা সামলে ওঠে।”