চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। নগরীর রেলওয়ে পলো গ্রাউন্ড মাঠে শুরু হতে যাওয়া মাসব্যাপী এ বাণিজ্য মেলায় দেশের নামকরা প্রতিষ্ঠানের পাশাপাশি ১০টি দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানা গেছে।
চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) আয়োজিত পঞ্চদশ এই বাণিজ্য মেলায় ৩৬টি প্যাভেলিয়ন এবং ২৭৭টি স্টল স্থাপন করা হয়েছে।
সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ মঙ্গলবার দুপুরে বাণিজ্য মেলা উপলক্ষে সিসিসিআই মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি জানান, এবারের মেলায় প্রথমবারের মতো সহযোগী দেশ হিসাবে পাকিস্তান অংশ নেবে। গত চার বছরে মেলায় সহযোগী দেশ ছিল থাইল্যান্ড। পাকিস্তান ছাড়াও আমেরিকা, ভারত, রাশিয়া, থাইল্যান্ড, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইরান এবং দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।
আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বৃহস্পতিবার প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করবেন। এসময় বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ ও বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার আলমগীর বাবর উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে সিসিসিআই সভাপতি দাবি করেন, প্যাভিলিয়ন ও স্টল সংখ্যার বিবেচনায় সিসিসিআই আয়োজিত এ মেলা বেসরকারি খাতে দেশের বৃহত্তম বাণিজ্য মেলা।
সংবাদ সম্মেলনে সিনিয়র সহ-- সভাপতি এম এ লতিফ, সভাপতি মাহবুব আলম এবং বাণিজ্য মেলার চেয়ারম্যান ও চেম্বার পরিচালক জামাল আহমেদ বক্তব্য রাখেন।
মেলা কমিটির চেয়ারম্যান জামাল আহমদ জানান, মাসব্যাপী এ মেলা সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে এবং টিকিটের হার প্রাপ্ত বয়স্কদের জন্য ১০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ৫ টাকা।
তিনি জানান, মেলায় আর্থিক সহযোগিতা দেবে গ্রামীণ ফোন।
