বার্ডফ্লু আক্রান্ত নতুন দেশগুলো থেকে পোল্ট্রি আমদানি বন্ধ হচ্ছে
বিশ্বের বেশ কয়েকটি দেশে সম্প্রতি বার্ডফ্লু ছড়িয়ে পড়ায় নতুন করে কয়েকটি দেশ থেকে পোল্ট্রি ও পোল্ট্রিজাত দ্রব্য আমদানি নিষিদ্ধ করতে সরকারের প্রতি সুপারিশ করেছে পশুসম্পদ অধিদপ্তর।
পশুসম্পদ অধিদপ্তরের একজন উর্ধ্বতন কর্মকতা জানান, দক্ষিন কোরিয়া ও যুক্তরাজ্য থেকে পোল্ট্রি ও পোল্ট্রিজাত দ্রব্য আমদানি নিষিদ্ধ করে আদেশ জারি করার জন্য পশুসম্পদ মন্ত্রনালয়ে ইতোমধ্যে সুপারিশ পাঠানো হয়েছে।
এ বছর দক্ষিন কোরিয়া, ইন্দোনেশিয়া, জাপান, যুক্তরাজ্য, নাইজেরিয়া, মিশর, চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান এবং তুরস্কে বার্ডফ্লু ছড়িয়ে পড়ে।
যদিও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে, গত বছরের প্রথমদিককার তুলনায় বিশ্বের বিভিন্ন দেশে এখনও বার্ডফ্লুর প্রার্দুভাব কম।
সরকার গতবছর সর্বশেষ স্পেনসহ মোট ৬০টি দেশ থেকে পোল্ট্রি ও পোল্ট্রিজাত দ্রব্য আমদানি নিষিদ্ধ করে।
গত বছরের নভেম্বর মাসে ফ্রান্স, যুক্তরাজ্য এবং দক্ষিন কোরিয়া থেকে পোল্ট্রি ও পোল্ট্রিজাত দ্রব্য আমদানি উন্মুক্ত করার সুপারিশ করা হয় ।
পশুসম্পদ অধিদপ্তর সহকারী পরিচালক বিধান চন্দ্র রায় রোববার নফহবংি২৪.পড়স কে বলেন, “চলতি বছরের শুরু থেকে দক্ষিন কোরিয়া ও যুক্তরাজ্য পোল্ট্রি ও পোল্ট্রিজাত দ্রব্য আমদানি উন্মুক্ত করা হলেও বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থার (ওআইই) নতুন নিদের্শনা অনুযায়ী আমদানি নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে।”
তিনি আরও বলেন, “জানুয়ারি মাসের চার তারিখ জার্মানি ও নেদারল্যান্ডস থেকে আমদানি উন্মুক্ত করে দেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়েছে।”
পশু সম্পদ অধিদপ্তরের কয়েকটি সূত্র জানায়, ২০০৬ সালে বয়লার ও লেয়ার প্যারেন্ট স্টক আমদানি হয় যথাক্রমে ১৪ লাখ ৮৯ হাজারটি এবং ২ লাখ ৮২ হাজারটি। ২০০৫ সালে এপরিমাণ ছিল ১৫ লাখ ৯ হাজারটি ও ৫ লাখ ১৬ হাজারটি।
বিধান চন্দ্র বলেন, বর্তমানে দেশের মোট চাহিদার প্রায় ৪০ শতাংশ প্যারেন্ট স্টক স্থানীয় প্রতিষ্ঠানগুলো উৎপাদন করছে।
বর্তমানে আটটি প্রতিষ্ঠান গ্রান্ড প্যারেন্ট স্টক থেকে প্যারেন্ট স্টক উৎপাদন করে থাকে এবং অন্য হ্যাচারি প্রতিষ্ঠানগুলো প্যারেন্ট স্টক আমদানি করে বাচ্চা উৎপাদন করে।
গত বছরে ৬০টি দেশ থেকে পোল্ট্রি আমদানি নিষিদ্ধ হওয়ার পর আমদানিকারকরা মুলত ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া থেকে প্যারেন্ট স্টক আমদানি করে।
সূত্র জানায়, দেশে প্রতি সপ্তাহে ৪৫ থেকে ৪৭ লাখ বয়লার এবং ২ থেকে সোয়া দুই লাখ লেয়ার উৎপাদিত হয়।
