বন্দর উন্নয়নে কর্মপরিকল্পনা নিতে বললেন প্রধান উপদেষ্টা
চট্টগ্রাম বন্দরের উন্নয়ন ও ব্যবসা বাণিজ্য সচল রাখার জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে তিনি পরবর্তী বৈঠকে এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব ও করণীয় উপস্থাপনেরও নির্দেশ দেন।
বৈঠকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের আধুনিকায়নের বিষয়টি আলোচিত হয় এবং এ সম্পর্কে একটি কর্মপরিকল্পনা আগামী বৈঠকে উপস্থাপন করতে বলা হয়।
বন্দরের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বৈঠকে প্রতিবেদন উপস্থাপন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহ উদ্দীন। এর ওপর আলোচনা করেন নৌ পরিবহন উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন।
বৈঠকে জানানো হয়, বেশ কিছু কার্যকর ব্যবস্থা নেওয়ার ফলে চট্টগ্রাম বন্দরের কাজে গতিশীলতা বেড়েছে এবং সেখানে স্বাভাবিক অবস্থা রয়েছে।
উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।
