২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জট হ্রাস ও উৎপাদনশীলতা বাড়াতে বন্দরে তিন শিফটে কাজ শুরু

জট হ্রাস ও উৎপাদনশীলতা বাড়াতে চট্টগ্রাম বন্দরে রোববার থেকে তিন পালায়  (শিফটে) কাজ শুরু হয়েছে। বন্দর ব্যবহারকারীরা কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 03:45 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বন্দর কর্তৃপক্ষ আশা করছে যে, আগেকার দুটি পালার স্থলে তিনটি পালা চালু হওয়ায় বন্দরে দক্ষতা, উৎপাদনশীলতা এবং শ্রমিকদের কর্মসংস্থান বাড়বে।

বন্দর সূত্র জানায়, রোববার থেকে সকাল ৮ টা থেকে বিকেল ৪টা, বিকেল ৪টা থেকে রাত ১২টা এবং রাত ১২টা থেকে পরদিন সকাল ৮ পর্যন্ত তিনটি পালায় কাজ চলবে। এতে করে বন্দর দিবারাত্রি ২৪ ঘণ্টাই চালু থাকবে। এর আগে বন্দরে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ৮টা থেকে পরদিন সকাল ৭টা Ñ এই দুই পালায় কাজ চলতো।

বন্দর চেয়ারম্যান মোহাম্মদ মোসলেহ উদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেছেন, বন্দরে ধারাবাহিক পণ্যজট নিরসনে এটি একটি বিশেষ পদক্ষেপ। তিনি বলেন, তিনটি পালায় কাজ চালু হওয়ায় এখন থেকে বন্দরের গ্যান্ট্রি ক্রেনসহ অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো সারাক্ষণ সচল থাকবে। ফলে বন্দরের দক্ষতা এবং উৎপাদনশীলতাও বেড়ে যাবে।

তবে বন্দর চেয়ারম্যান একথাও বলেন যে, তিন শিফট চালুর সফলতার বিষয়টি নির্ভর করছে বন্দর ব্যবহারকারীদের উপর। যদি তারা বন্দর থেকে সময়মতো পন্য সরবরাহ নিয়ে যায় তাহলে তিন শিফট  চালুর সার্থকতা আসবে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাভেদ তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, “এটা খুবই ভাল উদ্যোগ, বন্দরে জাহাজ ও কন্টেইনার জটের যে দুর্নাম দেশে বিদেশে রয়েছে, তিন শিফট চালুর ফলে সে দুর্নাম কিছুটা হলেও ঘুচবে।”

তিনি বলেন, এতে করে জট কমার পাশাপাশি বন্দরে পণ্য হ্যান্ডলিং দক্ষতাও বাড়তে পারে।

বন্দরে প্রতি পালায় শ্রমিক বুকিং প্রদানকারী সংস্থা বাংলাদেশ মাস্টারস স্টিভিডোরস এসোসিয়েশন ( বি এম এস এ) চেয়ারম্যান এ এইচ এম মন্জুর আলম বলেন, “আমরা কর্তৃপক্ষের এ পদক্ষেপকে সমর্থন করি। এখন থেকে ডক শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষ নিষ্ঠার সাথে কাজ করলে বন্দরের উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়তে বাধ্য।”

বন্দরের তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী ,রোববার চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে ১৬ হাজার ৩ শ’ ৯৭ টিইইউ’স ধারণ ক্ষমতার বিপরীতে জমা ছিল ১৯ হাজার ৯৬১ টিইইউ’স (প্রতিটি ২০ ফুটের একক ধরে) কন্টেইনার। এর মধ্যে আমদানি পণ্যের কন্টেইনার হচ্ছে ১৬ হাজার ৯ শ ২১ টিইইউ’স। অন্যদিকে  রপ্তানী পণ্যের কন্টেইনার জমা আছে ৮ শ ৯৮ এবং খালি কন্টেইনার ২হাজার ১ শ’ ৪২ টিইইউ’স।

বন্দরের ট্রাফিক বিভাগ জানায়, বর্তমানে বহির্নোঙরে ২৭ টি এবং বিভিন্ন জেটিতে ১৪ টি জাহাজে কাজ চলছে।